অনলাইন ডেস্ক
১৩ আগস্ট ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

বর্তমানে যে হারে দেশে গ্যাস ব্যবহার হচ্ছে, তা অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশের অবশিষ্ট গ্যাসের মজুত প্রায় নিঃশেষ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। একই সঙ্গে দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়া এবং এলএনজি আমদানিনির্ভরতা বাড়ায় জ্বালানি নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারের মিলনায়তনে ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: তাৎক্ষণিক অগ্রাধিকার ও টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষক আলোচনায় এসব তথ্য তুলে ধরে সিপিডি। প্রতিষ্ঠানটির পক্ষে উপস্থাপনাটি করেন সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ফখরুল আল কবির।

২০৩১ সালের মধ্যে গ্যাসের মজুত সংকটজনক পর্যায়ে

সিপিডির ছয় দশকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বর্তমান ব্যবহারের ধারা অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে দেশে গ্যাসের মোট ব্যবহার প্রায় ৩০ ট্রিলিয়ন ঘনফুটে পৌঁছাতে পারে। একই সময়ে অবশিষ্ট গ্যাসের মজুত প্রায় নিঃশেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গবেষণায় বলা হয়েছে, নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের তুলনায় পুরোনো গ্যাসক্ষেত্রের মজুত দ্রুত কমে যাওয়ায় দেশীয় গ্যাস উৎপাদন ধারাবাহিকভাবে কমছে। অন্যদিকে শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক খাতে গ্যাসের চাহিদা বাড়ছে। এতে গ্যাসের চাহিদা ও সরবরাহের ব্যবধান ক্রমেই বড় হচ্ছে।

সিপিডির মতে, বর্তমান হারে গ্যাস ব্যবহার চলতে থাকলে ২০৩০-এর দশকের শুরুতেই দেশের গ্যাস মজুত সংকটজনক পর্যায়ে পৌঁছাতে পারে। তাই গ্যাস সংরক্ষণ, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে দ্রুত উদ্যোগ প্রয়োজন।

এলএনজি আমদানিনির্ভরতা বাড়ছে

দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় বাংলাদেশ ক্রমেই আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির দিকে ঝুঁকছে। ২০১৮ সালে দেশে প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি শুরু হয়। এরপর এলএনজি আমদানি বাড়লেও কমেছে দেশীয় গ্যাসের উৎপাদন।

ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার ওপর বাংলাদেশের নির্ভরতা বাড়ছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি বা সরবরাহে কোনো ধরনের বিঘ্ন দেখা দিলে তার সরাসরি প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতি, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে।

বিদ্যুৎ উৎপাদনেও গ্যাসের ওপর বড় নির্ভরতা

বাংলাদেশের বিদ্যুৎ খাতও এখনো ব্যাপকভাবে জীবাশ্ম জ্বালানিনির্ভর। সিপিডির উপস্থাপনা অনুযায়ী, দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৪২ দশমিক ১৫ শতাংশ প্রাকৃতিক গ্যাসভিত্তিক। এর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে কয়লা ও ফার্নেস অয়েলের ওপরও উল্লেখযোগ্য নির্ভরতা রয়েছে।

ফলে দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়া এবং আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে বিদ্যুৎ ও শিল্প খাত উভয়ই ঝুঁকির মধ্যে পড়ছে।

চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ অনেক কম

সিপিডির উপস্থাপনায় ১১ আগস্টের গ্যাস সরবরাহ পরিস্থিতির চিত্রও তুলে ধরা হয়। এতে বলা হয়, দেশের পাঁচটি গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিচালন সক্ষমতার মাত্র ৫৭ শতাংশ ব্যবহার করা সম্ভব হচ্ছিল।

এ সময়ে বিদ্যুৎকেন্দ্রগুলোর মোট গ্যাস চাহিদার মাত্র ২৯ শতাংশ সরবরাহ করা হয়েছে। অন্যদিকে সার কারখানাগুলো পেয়েছে তাদের প্রয়োজনীয় গ্যাসের মাত্র ৩৮ শতাংশ

গ্যাসের এই ঘাটতির কারণে গার্মেন্টস, সার কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কমানো কিংবা বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছে সিপিডি। একই সঙ্গে জ্বালানি সংকটের প্রভাবে পরিবহন ব্যয় বাড়ছে এবং নিম্নআয়ের মানুষের ওপর জ্বালানি ব্যয়ের চাপও বৃদ্ধি পাচ্ছে।

সংকট মোকাবিলায় তিন মেয়াদি পরিকল্পনার সুপারিশ

জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সিপিডি।

স্বল্প মেয়াদে এলএনজি ক্রয়ব্যবস্থাকে আরও কার্যকর করা, জ্বালানির মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রক কাঠামোতে সংস্কার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বাড়ানোর কথা বলা হয়েছে।

মধ্য মেয়াদে এলএনজি টার্মিনাল ও সংরক্ষণ অবকাঠামো সম্প্রসারণ, গ্যাস সঞ্চালন ও বিতরণব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি।

দীর্ঘ মেয়াদে দেশীয় গ্যাস অনুসন্ধানকে জাতীয় জরুরি অগ্রাধিকার হিসেবে বিবেচনার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, কৌশলগত জ্বালানি মজুত গড়ে তোলা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে।

‘শুধু তাৎক্ষণিক পদক্ষেপে সংকট কাটবে না’

সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ফখরুল আল কবির বলেন, বাংলাদেশের জ্বালানি সংকট কোনো সাময়িক সমস্যা নয়; এর পেছনে দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা রয়েছে।

তিনি বলেন, দেশীয় গ্যাসের উৎপাদন কমছে, একই সময়ে নতুন বাণিজ্যিকভাবে লাভজনক গ্যাসক্ষেত্রের সন্ধানও মিলছে না। বিপরীতে শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক খাতে জ্বালানির চাহিদা বাড়ছে। ফলে চাহিদা ও সরবরাহের ব্যবধান ক্রমেই বড় হচ্ছে।

ফখরুল আল কবির বলেন, ঘাটতি পূরণে এলএনজি আমদানির ওপর নির্ভরতা বাড়ছে। এতে আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামা ও সরবরাহ বিঘ্নের ঝুঁকি সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে। তাই আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান ও বিকল্প জ্বালানির দিকে যেতে হবে।

তিনি আরও বলেন, সংকট মোকাবিলায় শুধু তাৎক্ষণিক পদক্ষেপ যথেষ্ট নয়। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা একসঙ্গে বাস্তবায়ন করতে হবে। স্বল্প মেয়াদে এলএনজি ক্রয়ব্যবস্থার দক্ষতা বাড়ানো ও বিদ্যমান সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। মধ্য মেয়াদে এলএনজি টার্মিনাল ও সংরক্ষণ অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি গ্যাস সঞ্চালন ও বিতরণব্যবস্থায় বিনিয়োগ বাড়াতে হবে।

দীর্ঘ মেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় গ্যাস অনুসন্ধানকে জাতীয় জরুরি অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, কৌশলগত জ্বালানি মজুত গড়ে তোলা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ সরকারের

টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাবেন আর কারা থাকছেন বাইরে

ছয় অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গভবনের দৌড়ে মির্জা ফখরুল

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

র‌্যাগিংয়ে পবিপ্রবি শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

গ্যাসের মজুত ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার আশঙ্কা: সিপিডি

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: আইনমন্ত্রী

৪৮ বছর পর শক্তি ব্যবস্থায় বড় পরিবর্তন, ফের সক্রিয় নাসার ভয়েজার-২

‘ওসির হাতে জুতা’ ভিন্নভাবে উপস্থাপন, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক

১১

জাপানে আরও বেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা প্রতিমন্ত্রীর

১২

মার্কিন প্রেসিডেন্টদের গোপন সফর: বুশ, ওবামা থেকে ট্রাম্প

১৩

আরও ১২ জেলায় চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা

১৪

৪০ কেজি ওজনের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

১৫

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে ‘বিকল্প’ প্রচারণায় বিব্রত রাষ্ট্রদূত মুশফিক

১৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির জরুরি বৈঠক

১৭

নতুন মৌসুমের প্রথম শিরোপার লড়াই আজ: কোথায়, কখন ও কীভাবে দেখবেন

১৮

লোহিত সাগরে হুথিদের হামলায় ৪ নাবিকসহ ৬ জন নিহত

১৯

ঢাবির দুই শিক্ষার্থী সমকামিতার অভিযোগে হল থেকে বহিষ্কার

২০