মাদারীপুরের রাজৈর উপজেলায় বাড়ির উঠানের একটি গাছের মগডাল থেকে মাইক্রো চালক আরিফ শেখ (৩০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন পরিবার ও স্থানীয়রা।
শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার খালিয়া গাঙ্গুলিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ শেখ মৃত সাহেব আলী শেখের বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বাড়ির উঠানের একটি গাছের মগডালে আরিফ শেখের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
নিহতের ছেলে আরাফাত শেখ জানান, তার বাবা প্রথমে তার মা লাকি বেগমকে বিয়ে করেন। পরবর্তীতে কনা বেগম নামে আরেকটি বিয়ে করলে পারিবারিক অশান্তি শুরু হয়। এতে তার মা বাড়ি ছেড়ে চলে যান। এ নিয়ে বাবা ও বর্তমান স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ লেগে থাকত। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুবউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন