গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় বিপুল পরিমাণ পেট্রোল অবৈধভাবে মজুদ করার দায়ে ‘গঙ্গা মটরস’ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে এ পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্স।
অভিযান সূত্রে জানা যায়, পাঁচুড়িয়া বাজারে অবস্থিত ওই প্রতিষ্ঠানে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি করে এবং অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে প্রায় ১৫০০ লিটার পেট্রোল মজুদ করে রাখা হয়েছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করে।
আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনস্বার্থে জব্দকৃত পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় গ্রাহকদের মাঝে বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে সেখানে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা যায়। স্বল্পমূল্যে জ্বালানি তেল পেয়ে সাধারণ মানুষ প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধ এবং স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে ‘গঙ্গা মটরস’-এর মালিক অর্ণব শর্মা (৫৬) জানান, তিনি অসুস্থ থাকায় প্রায় এক সপ্তাহ দোকান বন্ধ ছিল। ফলে অবিক্রীত পেট্রোল জমে ছিল। তিনি দাবি করেন, অধিক মুনাফার উদ্দেশ্যে তেল মজুদ করা হয়নি।
মন্তব্য করুন