Alokito Janapad ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

বডি ওর্ন ক্যামেরা ব্যবহারে পুলিশের ব্যাপক অনীহা

২৭

পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিপুল অর্থ ব্যয়ে বডি ওর্ন ক্যামেরা কিনেছে সরকার। কিন্তু এসব ক্যামেরা ব্যবহারে পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক অনীহা দেখা যাচ্ছে। পুলিশ সদর দপ্তর থেকে বারবার নির্দেশনা দেওয়া হলেও নিয়মিত দায়িত্ব পালনের সময় ক্যামেরা ব্যবহারের হার বাড়ছে না।

আগে থেকেই পুলিশের কাছে ব্যবহারযোগ্য প্রায় ৫ হাজার বডিক্যাম ছিল। এর সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে ২০ হাজার ক্যামেরা কেনা হয়। অত্যাধুনিক প্রযুক্তির এসব ক্যামেরা কিনতে সরকারের ব্যয় হয়েছে ১০০ কোটি টাকার বেশি। সব মিলিয়ে পুলিশের কাছে ব্যবহারযোগ্য ক্যামেরার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৫ হাজারে। অথচ কেনার পরও বেশির ভাগ ক্যামেরা নিয়মিত কাজে ব্যবহার হচ্ছে না।

অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের কথোপকথন ও আচরণের রেকর্ড সংরক্ষণের উদ্দেশ্যে এসব ক্যামেরা কেনা হয়। ক্যামেরাগুলোর ব্যবহার পর্যবেক্ষণের জন্য পুলিশ সদর দপ্তরের অপারেশনস ইউনিটের অধীনে একটি কেন্দ্রীয় ডেটা সেন্টারও স্থাপন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, গত ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনলাইনে সংযুক্ত মাত্র ৩১৪টি বডিক্যাম ব্যবহার করা হয়েছে। একই সময়ে অফলাইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে ২ হাজার ৮০০টি। অর্থাৎ, ওই এক সপ্তাহে মোট ৩ হাজার ১১৪টি ক্যামেরা ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

বডিক্যামের ব্যবহার না বাড়ার বিষয়টি স্বীকার করেছেন অতিরিক্ত মহাপরিদর্শক (অপারেশনস) সায়েদুর রহমান। তিনি বলেন, বড় আয়োজন ছাড়া অন্যান্য ক্ষেত্রে এসব ক্যামেরার ব্যবহার এখনো বেশ সীমিত। ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে। মহানগর এলাকার বাইরে মাঝেমধ্যে ক্যামেরা ব্যবহার করা হয়, বিশেষ করে বড় ধর্মীয় উৎসব ও অন্যান্য গুরুত্বপূর্ণ আয়োজনে।

পুলিশের কর্মকর্তা ও মাঠপর্যায়ের সদস্যদের ক্যামেরা ব্যবহারে অনীহার পেছনে কয়েকটি কারণ উঠে এসেছে। এর মধ্যে রয়েছে জবাবদিহির উদ্বেগ, বাজেটের সীমাবদ্ধতা, প্রযুক্তিগত সমস্যা এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার নানা চ্যালেঞ্জ।

পুলিশ সদর দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কিছু সদস্য ক্যামেরা ব্যবহার করতে চান না। কারণ, ক্যামেরায় ধারণ করা ভিডিওতে ঘুষ গ্রহণ, অসদাচরণ কিংবা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা উঠে এলে সংশ্লিষ্ট সদস্যদের জবাবদিহির মুখে পড়তে হতে পারে।

ওই কর্মকর্তা বলেন, পুলিশ সদর দপ্তরের বিভিন্ন বৈঠকে নিয়মিত ক্যামেরা ব্যবহারের বিষয়টি আলোচনা হয়। জেলা ও মহানগর ইউনিটের কর্মকর্তারাও বিষয়টি পর্যবেক্ষণের কথা জানান। কিন্তু বাস্তবে ব্যবহারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাচ্ছে না।

অন্যদিকে, ক্যামেরার ইন্টারনেট সংযোগের খরচও ব্যবহারের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এক কর্মকর্তা বলেন, জবাবদিহি নিশ্চিত করতে বডিক্যামের ব্যবহার ভালো উদ্যোগ। কিন্তু ইন্টারনেটের খরচ কে বহন করবে, সেটিও একটি প্রশ্ন।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, নতুন কেনা ২০ হাজার ক্যামেরার অর্ধেক অনলাইন এবং বাকি অর্ধেক অফলাইন। অনলাইন ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয় ব্যবস্থায় সরাসরি ভিডিও পর্যবেক্ষণ করা যায়। অন্যদিকে, অফলাইন ক্যামেরায় ধারণ করা ভিডিও ডিভাইসেই সংরক্ষিত থাকে, পরে সেগুলো আপলোড করতে হয়।

ক্যামেরা কেনার পেছনের প্রক্রিয়া সম্পর্কে সাবেক পুলিশপ্রধান বাহারুল আলম জানান, শুরুতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মাধ্যমে ক্যামেরা কেনার পরিকল্পনা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে সংস্থাটি ক্যামেরা সরবরাহ করতে পারেনি। পরে জেলা পুলিশ সুপার ও মহানগর পুলিশ কমিশনারদের এসব ক্যামেরা কেনার জন্য অর্থ বরাদ্দ দেয় পুলিশ সদর দপ্তর।

ক্যামেরা কেনার ব্যয় সম্পর্কে তিনি বলেন, সঠিক পরিমাণ তাঁর মনে নেই। তবে ক্যামেরাগুলো বেশ দামি এবং এ খাতে ব্যয় ১০০ কোটি টাকার বেশি হবে।

বডিক্যামের ব্যবহার সীমিত থাকার পেছনে অতিরিক্ত খরচের বিষয়টিও তুলে ধরেছেন পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা। তিনি জানান, প্রতিটি ক্যামেরার ইন্টারনেট সংযোগের জন্য মাসে প্রায় এক হাজার টাকা প্রয়োজন হয়। এ খাতে পুলিশের বাজেটে ঘাটতি রয়েছে। বিশেষ বরাদ্দের মাধ্যমে বিভিন্ন বড় আয়োজনে ক্যামেরাগুলো ব্যবহার করা হয়। এ কারণেই নিয়মিত ব্যবহার সীমিত থাকছে।

এদিকে, ক্যামেরা কেনার পর পুলিশ সদর দপ্তর একটি মানসম্মত পরিচালনাপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করেছে। এতে কোন কোন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের বডিক্যাম ব্যবহার করতে হবে, তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, টহল, ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ ও দুর্ঘটনার ঘটনায় সাড়া দেওয়া, অভিযান, তল্লাশি, গ্রেপ্তার, তদন্ত, অপরাধস্থল পরিদর্শন এবং জনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমে এসব ক্যামেরা ব্যবহার করতে হবে। পাশাপাশি নির্বাচনী প্রচার, প্রযোজ্য ক্ষেত্রে ভোটকেন্দ্র এবং জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আয়োজনেও পুলিশের কার্যক্রম ভিডিও ধারণের নির্দেশনা রয়েছে।

তবে এসওপিতে ব্যবহার বাধ্যতামূলক করা হলেও বাস্তবে তার প্রতিফলন কতটা ঘটছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিপুল অর্থ ব্যয়ে কেনা ক্যামেরাগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হলে একদিকে যেমন নিয়মিত অর্থ বরাদ্দ ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন, অন্যদিকে মাঠপর্যায়ে নির্দেশনা বাস্তবায়ন এবং জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বডি ওর্ন ক্যামেরা ব্যবহারে পুলিশের ব্যাপক অনীহা

১

ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন

২

আবারও বাংলাদেশে ফিরছে বিশ্বকাপ, যৌথ আয়োজক ভারত

৩

ফিলিস্তিনের দুই এলাকায় ইসরাইলি সেনাদের তাণ্ডব, ভাঙচুর ও গুলিবর্ষণ

৪

চীনা সরকারি বৃত্তিতে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরা

৫

গঠনতন্ত্রে বড় পরিবর্তনের চিন্তা জামায়াতের, আসছে উপদেষ্টা পরিষদ

৬

স্লিপার বাসের নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি

৭

আলিম পরীক্ষার্থীদের জন্য সুখবর, ফরম পূরণের সময় বাড়ল

৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা, উপাচার্যের দপ্তরের সামনে ৯৮৮ কর্মীর অবস্থান

৯

ইউনিয়ন পরিষদ নির্বাচন ও স্মার্ট এনআইডি নিয়ে বৈঠকে ইসি

১০

টিসিবি কার্ড নিবন্ধন কি এখন চালু? আবেদন ও যোগ্যতা জানুন

১১

জমি কেনার আগে জেনে নিন রেজিস্ট্রির সরকারি খরচ কত

১২

১৮তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনেও শাহবাগে অবস্থান

১৩

শহর ও গ্রামে জমি রেজিস্ট্রির খরচ কি এক? জেনে নিন হিসাব

১৪

ব্লুটুথে গতি বাড়ছে প্রায় চার গুণ, আসছে নতুন প্রযুক্তি

১৫

টিসিবিতে নতুন ডিলার নিয়োগ, ঘরে বসেই অনলাইনে আবেদন করবেন যেভাবে

১৬

বই পড়ার অভ্যাসে কেন পিছিয়ে বাংলাদেশ, দায় কি স্মার্টফোনের?

১৭

গার্মেন্টস খাতে ভাঙচুর ও নাশকতা ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

উপবৃত্তির টাকা অন্যের অ্যাকাউন্টে, জালিয়াতি নিয়ে প্রশ্নের মুখে অধিদপ্তর

১৯

ভিসা নিয়ে যে সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

২০