Alokito Janapad ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

বই পড়ার অভ্যাসে কেন পিছিয়ে বাংলাদেশ, দায় কি স্মার্টফোনের?

২৫

বই পড়ার অভ্যাসে কেন পিছিয়ে বাংলাদেশ, দায় কি স্মার্টফোনের? একসময় পাঠ্যবইয়ের আড়ালে গল্পের বই পড়া কিংবা বাড়ির বড়দের চোখ এড়িয়ে উপন্যাসে ডুবে থাকার অভিজ্ঞতা অনেকের শৈশব-কৈশোরের অবিচ্ছেদ্য অংশ ছিল। পাঠ্যবইয়ের বাইরের এসব বইকে কেউ কেউ ‘আউট বই’ বলেও ডাকতেন। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে মানুষের বিনোদনের মাধ্যম ও অবসর কাটানোর ধরন। স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল বিনোদনের বিস্তারে বই পড়ার অভ্যাসেও এসেছে পরিবর্তন।

এখনকার শিশু-কিশোর কিংবা তরুণদের মধ্যে পাঠ্যবইয়ের বাইরে গল্প, উপন্যাস বা অন্যান্য বই পড়ার আগ্রহ কতটা রয়েছে, সেই প্রশ্ন সামনে আসছে। অনেকের মতে, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার, ইন্টারনেটের অবাধ ব্যবহার, শিক্ষাব্যবস্থার চাপ, পারিবারিক পরিবেশ, রাষ্ট্রীয় উদ্যোগের ঘাটতি এবং বইয়ের সহজলভ্যতার অভাব—সব মিলিয়ে মানুষ দিন দিন বইবিমুখ হয়ে পড়ছেন।

যদিও বাংলাদেশে প্রতিবছর অমর একুশে বইমেলাকে ঘিরে পাঠক ও প্রকাশকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়, তবে এ আয়োজন থেকে প্রকৃত নিয়মিত পাঠকের সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া কঠিন। বই পড়ার অভ্যাস নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যানেও বাংলাদেশের পিছিয়ে থাকার চিত্র উঠে এসেছে। এমনকি প্রতিবেশী ভারত ও শ্রীলঙ্কার তুলনায়ও পিছিয়ে রয়েছে দেশটি।

বই পড়ার অভ্যাসে কতটা পিছিয়ে বাংলাদেশ?

২০২৪ সালে বিশ্বের ১০২টি দেশে বই পড়ার অভ্যাস নিয়ে জরিপ চালায় সিইওওয়ার্ল্ড ম্যাগাজিন। ৬৫ লাখের বেশি সাক্ষাৎকারের ভিত্তিতে করা ওই জরিপে বই পড়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। তালিকায় প্রথম অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র।

সিইওওয়ার্ল্ডের জরিপের তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ। ওই তথ্য অনুযায়ী, বাংলাদেশের একজন মানুষ বছরে গড়ে ২ দশমিক ৭৫টি বই পড়েন। বই পড়ার পেছনে বছরে সময় ব্যয় করেন গড়ে ৬২ ঘণ্টা।

অন্যদিকে, ওই তালিকায় বাংলাদেশের প্রতিবেশী ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে একজন মানুষ বছরে গড়ে ১৬টি বই পড়েন এবং বই পড়ার পেছনে ব্যয় করেন ৩৫২ ঘণ্টা। শ্রীলঙ্কায় একজন মানুষ বছরে গড়ে ৩ দশমিক ২৯টি বই পড়েন। তবে পাকিস্তানে এ সংখ্যা বাংলাদেশের চেয়েও কম, বছরে গড়ে ২ দশমিক ৬টি।

বই পড়ার ক্ষেত্রে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একজন মানুষ বছরে গড়ে ১৭টি বই পড়েন। দেশটিতে বই পড়ার পেছনে বছরে গড়ে প্রায় ৩৫৭ ঘণ্টা ব্যয় করা হয়। এ ছাড়া যুক্তরাজ্যে বছরে গড়ে ১৫টি, ফ্রান্সে ১৪টি, ইতালিতে ১৩টি এবং রাশিয়ায় ১১টি বই পড়েন একজন মানুষ। জরিপ অনুযায়ী, বই পড়ার ক্ষেত্রে শীর্ষ ২০টি দেশের তালিকায় ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ নেই।

পাঠ্যবইয়ের বাইরে পড়ার আগ্রহ কতটা?

বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস নিয়ে পরিচালিত একটি গবেষণাতেও একই ধরনের চিত্র উঠে এসেছে। ২০২৫ সালের জানুয়ারিতে ‘রিক্রিয়েশনাল বুক রিডিং অ্যামং সেকেন্ডারি স্কুল স্টুডেন্টস ইন বাংলাদেশ: অ্যাকসেস, ট্রেন্ডস অ্যান্ড ইস্যুজ’ শীর্ষক গবেষণাটি প্রকাশিত হয়।

দেশের তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি দাখিল মাদ্রাসার মোট ৬৯১ জন শিক্ষার্থীর ওপর জরিপ চালিয়ে গবেষণাটি করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পছন্দের বইয়ের মধ্যে ছিল কমিকস ও কৌতুকের বই, ছোটগল্প, ভৌতিক গল্প এবং কল্পবিজ্ঞান। অংশগ্রহণকারীদের ৫৬ শতাংশ ছিল ছাত্রী।

গবেষণায় দেখা যায়, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৮৭ শতাংশ অবসরে বই পড়াকে গুরুত্বপূর্ণ মনে করলেও বাস্তবে পাঠ্যবইয়ের বাইরে বই পড়তেন মাত্র ৩৮ শতাংশ। গবেষণাটি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. আহসান হাবিব, সহকারী অধ্যাপক শিল্পী রানী সাহা এবং গবেষক মোহাম্মদ রাকিবুল ইসলাম।

পাঠ্যবইয়ের বাইরে পড়ার সংস্কৃতি গড়ে ওঠেনি কেন?

বই পড়ার ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় ভারতসহ বিভিন্ন দেশের এগিয়ে থাকার পেছনে সামাজিক ও সাংস্কৃতিক চর্চার পার্থক্য রয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

তিনি বলেন, ভারতে বই পড়া ও সাহিত্যচর্চার বিষয়টি সমাজের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশেও বই পড়ার সংস্কৃতি ধরে রাখার চর্চা রয়েছে। সেখানে মানুষ পার্কে গিয়েও বই পড়েন। কিন্তু বাংলাদেশে এ ধরনের সংস্কৃতি সেভাবে গড়ে ওঠেনি।

তাঁর ভাষায়, সাংস্কৃতিক বিপ্লব বা সাংস্কৃতিক ধারাকে এগিয়ে নেওয়া ছাড়া বই পড়ার অভ্যাস গড়ে তোলা সহজ হবে না।

অন্যদিকে, বাতিঘরের প্রতিষ্ঠাতা দীপঙ্কর দাস মনে করেন, বাংলাদেশের পিছিয়ে থাকার একটি বড় কারণ হলো প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে বই পড়ার সংস্কৃতি দীর্ঘদিন ধরে গুরুত্ব না পাওয়া।

তিনি বলেন, বাংলাদেশের অনেক পরিবারের আগের প্রজন্মের মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। ফলে দীর্ঘদিন ধরে পড়াশোনা বলতে মূলত স্কুল-কলেজের পাঠ্যবই পড়াকেই বোঝানো হয়েছে। স্কুল কিংবা পরিবারের পক্ষ থেকেও পাঠ্যবইয়ের বাইরে পড়াশোনার জগতের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেওয়ার চর্চা যথেষ্ট ছিল না।

বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে দীপঙ্কর দাস বলেন, একসময় শিক্ষাপ্রতিষ্ঠানে বইপড়া কর্মসূচি নিয়ে গেলে অনেক অভিভাবক, এমনকি শিক্ষকেরাও প্রশ্ন তুলতেন—পাঠ্যবইয়ের বাইরে এসব বই পড়ে সময় নষ্ট করার প্রয়োজন কী?

তাঁর মতে, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগার—এই তিন জায়গা থেকেই পাঠক তৈরি হতে পারে। কিন্তু বাংলাদেশে সেই পরিবেশ এখনো যথেষ্ট গড়ে ওঠেনি।

পাঠাগার ও পারিবারিক পরিবেশের ঘাটতি কতটা?

বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি গণগ্রন্থাগার রয়েছে মোট ৭১টি। এর বাইরে বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগেও বিভিন্ন পাঠাগার পরিচালিত হচ্ছে।

তবে এসব পাঠাগারে নিয়মিত পাঠক আকৃষ্ট করা এবং পাঠ্যবইয়ের বাইরে বই পড়ার অভ্যাস গড়ে তোলা কতটা সম্ভব হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে অনেক পাঠাগারে সাহিত্য বা অন্যান্য বই পড়ার চেয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশোনার প্রবণতা বেশি দেখা যায়।

২০২১ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত এক গবেষণায় সরকারি গণগ্রন্থাগারগুলোতে জনবলসংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং পাঠকের চাহিদা অনুযায়ী বইয়ের অপর্যাপ্ততার মতো সমস্যা উঠে আসে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী মনে করেন, পাঠাভ্যাস গড়ে তুলতে রাষ্ট্রীয় ও স্থানীয় পর্যায়ে আরও উদ্যোগ প্রয়োজন। গাজীপুর সিটি করপোরেশনের শিক্ষাব্যবস্থার উন্নয়নসংক্রান্ত একটি কাজে যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানে পাড়ায় পাড়ায় মানুষের হাঁটা দূরত্বের মধ্যে পাঠাগার গড়ে তোলার প্রস্তাব এসেছিল। কারণ বই পড়ার সংস্কৃতি ধরে রাখতে হলে মানুষের কাছে সহজে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এমনকি শপিং মলের মতো জায়গায় শিশু-কিশোরদের খেলার স্থানের পাশাপাশি বই পড়ার জায়গা রাখার প্রস্তাবও করেন তিনি। এটিকে কেবল ব্যবসায়িক চাহিদা হিসেবে না দেখে সামাজিক বিনিয়োগ হিসেবে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন এই অধ্যাপক।

শুধু বিদ্যালয়ে নয়, বিদ্যালয়ের বাইরেও কমিউনিটি পর্যায়ে বইপড়া কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে পাঠাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

এদিকে, ঢাকার খিলগাঁওয়ে অবস্থিত পল্লীমা সংসদের অঙ্গপ্রতিষ্ঠান শহীদ বাকী স্মৃতি পাঠাগার ২০২৫ সালে ‘বাংলাদেশে কমিউনিটি পাঠাগারের ভবিষ্যৎ’ শীর্ষক একটি জরিপ পরিচালনা করে। ওই জরিপে দেখা গেছে, যেসব পরিবারের বড়রা নিয়মিত বই পড়েন, সেসব পরিবারের ৪৭ দশমিক ১ শতাংশ শিশু-কিশোরও নিয়মিত বই পড়ে। বিপরীতে, যেসব পরিবারের বড়রা বই পড়েন না, সেসব পরিবারের শিশু-কিশোরদের মধ্যে নিয়মিত বই পড়ার হার ৩১ দশমিক ৮ শতাংশ।

স্মার্টফোন কি বইয়ের জায়গা দখল করছে?

শহীদ বাকী স্মৃতি পাঠাগারের এক হাজার পাঁচজনের ওপর পরিচালিত ওই জরিপে উঠে এসেছে, স্মার্টফোনের কারণে পাঠকদের মনোযোগ ব্যাহত হচ্ছে। ১৮ থেকে ২৫ বছর বয়সী অংশগ্রহণকারীদের ৫৪ দশমিক ৩ শতাংশ জানান, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের কারণে তাঁদের বই পড়ায় মনোযোগ ব্যাহত হয়। ১৮ বছরের কম বয়সীদের মধ্যেও ৫৩ শতাংশ একই কারণ উল্লেখ করেছেন।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী মনে করেন, এই পরিবর্তনের শুরু স্মার্টফোন বা সামাজিক যোগাযোগমাধ্যম আসারও আগে। তাঁর মতে, ডিশ অ্যান্টেনার মাধ্যমে টেলিভিশনে অনেক চ্যানেল দেখার সুযোগ তৈরি হওয়ার পর থেকেই মানুষের বিনোদনের ধরনে পরিবর্তন আসতে শুরু করে।

তিনি বলেন, তাঁদের শৈশবে পড়াশোনা ও খেলাধুলার বাইরে বিনোদনের সুযোগ ছিল সীমিত। ফলে গল্পের বই ছিল অবসর কাটানোর অন্যতম মাধ্যম। শুধু বই পড়া নয়, এখনকার শিশুদের খেলাধুলার অভ্যাসেও পরিবর্তন এসেছে। একসময় শিশুদের অতিরিক্ত খেলাধুলা থেকে বিরত রাখার চেষ্টা করা হতো। কিন্তু এখন অনেক শিশুকে উৎসাহ দিয়েও মাঠে খেলতে পাঠানো কঠিন হয়ে পড়ছে।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমকে শুধু বই পড়ার প্রতিবন্ধক হিসেবে দেখতে রাজি নন বাতিঘরের প্রতিষ্ঠাতা দীপঙ্কর দাস। তাঁর মতে, মানুষ এখন ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক সময় কাটান। এসব মাধ্যমে অল্প সময়েই নানা ধরনের বিনোদন পাওয়া যায়। কিন্তু একটি বই পড়তে তুলনামূলক বেশি সময় ও মনোযোগ প্রয়োজন। ফলে দীর্ঘ সময় ধরে মনোযোগ দিয়ে বই পড়ার ধৈর্য কমছে মানুষের।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক দিকও রয়েছে। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠকের কাছে নতুন বইয়ের তথ্য পৌঁছে দেওয়া আগের তুলনায় সহজ হয়েছে বলে মনে করেন তিনি।

এদিকে, যারা নিয়মিত বই পড়েন, তাঁদের একটি অংশ মুদ্রিত বইয়ের পাশাপাশি ই-বুক, পিডিএফ ও অডিওবুকের দিকেও ঝুঁকছেন। দীপঙ্কর দাস মনে করেন, পাঠকের সংখ্যা কমলেও মুদ্রিত বইয়ের চাহিদা এখনো রয়েছে।

তিনি বলেন, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম আসার পর বিভিন্ন সময়ে বই পড়ার অভ্যাস হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু এসব পরিবর্তনের মধ্যেও বইয়ের দোকান টিকে আছে। সংখ্যা কমলেও মুদ্রিত বইয়ের বাজার এখনো রয়েছে।

শহীদ বাকী স্মৃতি পাঠাগারের জরিপেও অংশগ্রহণকারীদের বেশির ভাগ কাগুজে বইকে প্রধান পছন্দ হিসেবে উল্লেখ করেছেন।

বইমেলার ভিড় কি পাঠকসংখ্যার প্রতিফলন?

বাংলাদেশে বই পড়ার অভ্যাস নিয়ে আলোচনা হলে অমর একুশে বইমেলার প্রসঙ্গও উঠে আসে। মাসব্যাপী এই আয়োজনে বিপুল মানুষের সমাগম হলেও তা সারা বছরের বই বিক্রি কিংবা নিয়মিত পাঠকের সংখ্যার প্রতিফলন নয় বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রকাশক দীপঙ্কর দাস বলেন, বাংলাদেশে যেকোনো উৎসব বা আয়োজনেই অনেক মানুষের সমাগম হয়। অনেকের কাছে বইমেলা ঘুরে দেখা বা অবসর কাটানোর একটি জায়গা। তাই বইমেলায় যাওয়া সব মানুষই যে বইয়ের নিয়মিত পাঠক, তা বলা যায় না।

দেশের প্রকাশনা খাতের একটি বড় সমস্যা হলো বইমেলার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বইমেলা কয়েক দিন থেকে এক বা দুই সপ্তাহের মধ্যে সীমিত থাকে। কিন্তু বাংলাদেশে তা এক মাস ধরে চলে। শুধু একটি মেলার ওপর নির্ভর করে কোনো প্রকাশনা শিল্প টেকসইভাবে চলতে পারে না।

এ কারণে বইমেলার সময় কমিয়ে সারা বছর পাঠকের কাছে বই পৌঁছে দেওয়ার ওপর বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

এ ছাড়া বাংলাদেশের পাঠকদের একটি অভিযোগ হলো, এখানে বইয়ের দাম বেশি। এ প্রসঙ্গে দীপঙ্কর দাস বলেন, বইয়ের দাম বেশি হওয়ায় পাঠক বই কেনেন না, আবার পাঠক কম হওয়ায় বেশি সংখ্যায় বই ছাপানোও যায় না। বইয়ের পাঠকসংখ্যা বাড়লে বেশি সংখ্যায় বই ছাপানো সম্ভব হবে, যা বইয়ের দাম কমাতেও ভূমিকা রাখতে পারে।

তবে কোনো দেশে বইয়ের পাঠক তৈরিতে লেখকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি। এ ক্ষেত্রে বাংলাদেশের প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের উদাহরণ টেনে দীপঙ্কর দাস বলেন, তাঁর লেখা একটি প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলেছিল। তবে এ ধরনের লেখক সব সময় আসেন না; অনেক বছর পরপর এমন লেখকের জন্ম হয়।

সব মিলিয়ে, বই পড়ার অভ্যাস গড়ে ওঠার পেছনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার, সামাজিক পরিবেশ ও বইয়ের সহজলভ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্মার্টফোন ও ডিজিটাল বিনোদনের বিস্তার মানুষের অবসর কাটানোর ধরন বদলে দিলেও বই পড়ার সংস্কৃতি ধরে রাখতে প্রয়োজন নিয়মিত চর্চা ও সম্মিলিত উদ্যোগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিসিবিতে নতুন ডিলার নিয়োগ, ঘরে বসেই অনলাইনে আবেদন করবেন যেভাবে

১

বই পড়ার অভ্যাসে কেন পিছিয়ে বাংলাদেশ, দায় কি স্মার্টফোনের?

২

গার্মেন্টস খাতে ভাঙচুর ও নাশকতা ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

৩

উপবৃত্তির টাকা অন্যের অ্যাকাউন্টে, জালিয়াতি নিয়ে প্রশ্নের মুখে অধিদপ্তর

৪

ভিসা নিয়ে যে সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

৫

ঢাকার পর এবার ইসলামাবাদে চালু হচ্ছে নারীদের জন্য পিংক বাস

৬

ফোন বিক্রির আগে Factory Reset করলেই কি সব তথ্য মুছে যায়?

৭

দেশে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন

৮

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

৯

বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মানির ভিসা আবেদন সহজ হচ্ছে, চালু হচ্ছে নতুন পোর্টাল

১০

ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

১১

স্থগিত হলো পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা

১২

ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে চুমুর গুঞ্জন, অবশেষে মুখ খুললেন নেইমার

১৩

সংসদের আজকের অধিবেশনে যেসব বিষয়ে আলোচনা হবে

১৪

দিনদুপুরে সাংবাদিকের বাসায় হানা, উধাও ৮ ভরি স্বর্ণ!

১৫

ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

১৬

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা

১৮

ইয়ামালের ক্যারিয়ারে প্রথম, স্পেনের জার্সিতে থামল অপরাজেয় যাত্রা

১৯

বিয়ের কথা শুনলেই ভয় পান পুরুষরা, পেছনে যে ৫ কারণ

২০