ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে সমকামিতার অভিযোগে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের আবাসিক সিটও বাতিল করেছে হল কর্তৃপক্ষ।
বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আফিফ হাসান নীরব এবং মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের আরিফুল হক শুভ।
বুধবার (১২ আগস্ট) শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্বাক্ষর করা পৃথক দুটি নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, গত ২ আগস্ট দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর হল প্রশাসন পৃথকভাবে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটি অভিযোগের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার সত্যতা পেয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আফিফ হাসান নীরবের আবাসিক সিট—কক্ষ নম্বর ১১৯ (গ) এবং আরিফুল হক শুভর আবাসিক সিট—কক্ষ নম্বর ১১২ (খ) বাতিল করা হয়েছে। একই সঙ্গে দুজনকেই শেখ মুজিবুর রহমান হল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ স্বাক্ষরিত একটি চিঠিতে হল প্রাধ্যক্ষের কাছে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়। চিঠিতে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর অনৈতিক সম্পর্ক (সমকামিতা)’-এর অভিযোগ করা হয়। অভিযোগের পক্ষে ছবি ও ভিডিও পাওয়ার দাবিও করা হয়েছিল ওই চিঠিতে।
হল সংসদের আবেদনে অভিযোগ তদন্তে কমিটি গঠন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনার অনুরোধ জানানো হয়।
তবে হল বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত নোটিশে তদন্ত কমিটি কী ধরনের প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা পেয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ ছাড়া নোটিশে ‘সমকামিতা’কে বহিষ্কারের ভিত্তি হিসেবে উল্লেখ করা হলেও, বিশ্ববিদ্যালয়ের কোন বিধি বা নির্দিষ্ট ধারার আওতায় দুই শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত উল্লেখ নেই।
মন্তব্য করুন