রাজধানীতে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর ওয়ারী, হাতিরপুল, মিরপুর, বনানী ও ধানমন্ডির পাঁচটি পৃথক স্থানে এসব বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও হাতিরপুলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।
এদিকে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীত পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কাফরুল থানার ওসি আলমগীর হোসেন জানান, বিস্ফোরণের পর সন্দেহভাজন ব্যক্তিকে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে রাত ১০টার দিকে বনানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সবশেষ রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায়ও কেউ হতাহত হননি।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীর পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের এসব ঘটনায় হাতিরপুল থেকে একজনকে আটক করা হয়েছে। বাকি ঘটনাগুলোতে জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন