পশ্চিম আফ্রিকার দেশ গিনির উত্তর-পূর্বাঞ্চলে সোনার খনি বন্ধের প্রতিবাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে পাঁচ বিদেশিসহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। নিহত বিদেশিদের জাতীয়তা এখনো প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে গিনির আঞ্চলিক প্রশাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হতাহতের এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পরিবেশের ক্ষতি, কৃষিজমি, নদী ও উদ্ভিদ দূষণের অভিযোগে গত ২ নভেম্বর সিগুইরি অঞ্চলে ক্ষুদ্র পরিসরে সোনার খনির কার্যক্রম নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। খনিশ্রমিকেরা নিয়মকানুন না মানায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল বলে দাবি সরকারের।
মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞা বাস্তবায়নের অগ্রগতি যাচাই করতে বুধবার প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় যান। এ সময় বিক্ষোভকারীরা সড়কে ব্যারিকেড তৈরি করলে পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, নিহত ১০ জনের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক। তবে তাঁরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে খনির কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের পর গিনি থেকে বিপুলসংখ্যক মানুষ প্রতিবেশী দেশগুলোতে চলে গেছেন। গত সপ্তাহে মালির পক্ষ থেকে জানানো হয়, গিনি ছাড়তে বাধ্য হয়ে প্রায় এক লাখ মানুষ দেশটির রাজধানী বামাকোতে পৌঁছেছেন। এ ছাড়া সীমান্তবর্তী কুরেমালে শহরে আশ্রয় নিয়েছেন আরও প্রায় ৬০ হাজার মানুষ।
শুক্রবার (১৩ নভেম্বর) বুরকিনা ফাসো জানিয়েছে, খনি বন্ধের সিদ্ধান্তের কারণে গিনি ছাড়তে বাধ্য হওয়া দেশটির ৪৫ হাজার ৪০৬ নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে।
পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে ক্ষুদ্র পরিসরে সোনাসহ বিভিন্ন ধাতু আহরণের কাজ জীবিকার একটি পরিচিত মাধ্যম। আন্তর্জাতিক বাজারে ধাতুর চাহিদা ও দাম বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের খনির কার্যক্রমও বিস্তৃত হচ্ছে। তবে পরিবেশগত ক্ষতি ও খনিশ্রম নিয়ন্ত্রণ নিয়ে সরকারের কঠোর পদক্ষেপ স্থানীয় মানুষের জীবিকা এবং আঞ্চলিক স্থিতিশীলতায় নতুন চাপ তৈরি করছে।
মন্তব্য করুন