ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের জলসীমা ও হরমুজ প্রণালিতে ১৩৪টি সামুদ্রিক সংঘাতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। এ ছাড়া হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ২৩ হাজারের বেশি নাবিক জাহাজে আটকা পড়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্যের বরাত দিয়ে তিনি জানান, গত ১১ নভেম্বর পর্যন্ত এসব সংঘাতের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
খালেদ খিয়ারি বলেন, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে বাণিজ্যিক জাহাজ চলাচল ঘিরে সবচেয়ে বেশি সংঘাতের ঘটনা ঘটেছে গত অক্টোবরে। সংঘাতের কারণে জ্বালানি, পরিবহন ও বিমা খরচ বেড়ে যাচ্ছে। একই সঙ্গে বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।
তিনি বলেন, এ পরিস্থিতিকে কোনোভাবেই নতুন স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নেওয়া যায় না। বেসামরিক জাহাজে হামলা অবিলম্বে বন্ধ করার পাশাপাশি নিরাপদে নৌযান চলাচল নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
একই বৈঠকে বাহরাইনের প্রতিনিধি জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় প্রায় ১ হাজার ৬০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জাহাজে ২৩ হাজারের বেশি নাবিক আটকা পড়েছেন।
বাহরাইনের প্রতিনিধি আরও অভিযোগ করেন, ইরান সমুদ্রসীমার বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব স্থাপনার মধ্যে সমুদ্রের তলদেশে থাকা যোগাযোগ কেবল, তথ্যকেন্দ্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট স্থাপনাও রয়েছে।
এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে এই অচলাবস্থা আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ ও পণ্য পরিবহনে চাপ তৈরি করছে। সংঘাত অব্যাহত থাকলে এর প্রভাব আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
মন্তব্য করুন