সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ১৪ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন বিজিবির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করেন। জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুর, সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া এবং তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের চাঁনপুর এলাকায় সংশ্লিষ্ট বিওপির সদস্যরা পৃথকভাবে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৪ হাজার ৪০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলার সঙ্গে ভারতের প্রায় ৯০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ১৯টি বর্ডার আউটপোস্টের (বিওপি) সদস্যরা দায়িত্ব পালন করছেন। সীমান্তে ভারতীয় পণ্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে ড্রোন ক্যামেরা এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারসহ নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির সংবাদমাধ্যমকে জানান, বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, “অর্পিত দায়িত্ব পালনে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবির প্রতিটি সদস্য জেলার বিস্তীর্ণ সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে এবং যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় বদ্ধপরিকর।”
জব্দ করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন