একটি সংগঠনের প্রকৃত শক্তি তার ব্যানারের আকারে নয়, নেতৃত্বের ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতায়। যে সংগঠন একটি বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার দাবি করে, সেই সংগঠনের কর্মকাণ্ডে দায়িত্বশীলতা ও জবাবদিহি থাকা অপরিহার্য। অথচ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাম্প্রতিক কিছু সাংগঠনিক কর্মকাণ্ড ঘিরে যে প্রশ্নের অবতারণা হয়েছে, তা শুধু সংগঠনের অভ্যন্তরীণ বিষয় নয়; বৃহত্তর সনাতনী সমাজের মধ্যেও নানা আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে।
আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সভাকে কেন্দ্র করে প্রকাশিত ব্যানারে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের নাম যথাযথভাবে স্থান পেয়েছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী বাবু বিজন কান্তি সরকারের নামও দেখা গেছে। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাসের নাম সভাপতির স্থানে তো দূরের কথা, ব্যানারেই দৃশ্যমান নয়। এমনকি সভায় সভাপতিত্ব করবেন কে, সেটিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, একটি কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় সভাপতির নাম অনুপস্থিত থাকার কারণ কী? সংগঠনের সর্বোচ্চ নেতৃত্বকে পাশ কাটিয়ে কি কোনো সাংগঠনিক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস কি আদৌ এই বর্ধিত সভার বিষয়ে অবগত?
যদি তিনি অবগত না থাকেন, তাহলে তাঁর নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটির নামে সভা আয়োজনের সাংগঠনিক ভিত্তি কোথায়? আর যদি তিনি অবগত থাকেন, তাহলে ব্যানারে তাঁর নাম ও সভাপতিত্বের বিষয়টি উল্লেখ না করার কারণ কী? এই প্রশ্নগুলোর সুস্পষ্ট উত্তর সংগঠনের নেতাকর্মী ও সনাতনী সমাজের জানার অধিকার রয়েছে।
একটি সংগঠনের সভাপতিকে অবগত না রেখে তাঁর নেতৃত্বাধীন সংগঠনের নামে বর্ধিত সভা আয়োজনের অভিযোগ সত্য হলে, সেটি নিছক ভুল বা মুদ্রণপ্রমাদ হিসেবে দেখার সুযোগ নেই। এটি সাংগঠনিক সৌজন্য, শৃঙ্খলা ও নেতৃত্বের মর্যাদার সঙ্গে সম্পর্কিত একটি গুরুতর বিষয়।
আরও একটি বিষয় বিশেষভাবে আলোচনার দাবি রাখে। বিজন কান্তি সরকার একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্বশীল ব্যক্তি। তাঁর কাছে প্রত্যাশা থাকবে, তিনি যেন কোনো ব্যক্তিবিশেষের সাংগঠনিক অবস্থান কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের গঠনতন্ত্র, নির্বাচিত নেতৃত্ব এবং সামগ্রিক ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল থাকেন।
বিশেষ করে তারেক রহমান কর্তৃক বহিষ্কৃত বলে পরিচিত কোনো নেতার সাংগঠনিক তৎপরতা, তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রচেষ্টা কিংবা তাঁকে ঘিরে কোনো কর্মসূচিতে সহযোগিতার বিষয় থাকলে সেটিও রাজনৈতিক ও সাংগঠনিক বাস্তবতার আলোকে বিবেচনা করা প্রয়োজন। ব্যক্তিগত সম্পর্ক কিংবা কারও প্রতি সহানুভূতি যেন সংগঠনের স্বীকৃত নেতৃত্ব ও দলীয় শৃঙ্খলার বিকল্প হয়ে না দাঁড়ায়।
বিজন কান্তি সরকারের কাছে বিনীত প্রশ্ন, তিনি কি যথাযথভাবে যাচাই করেছেন, ২৮ নভেম্বরের এই বর্ধিত সভা কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক সিদ্ধান্তের ভিত্তিতে আয়োজন করা হচ্ছে কি না? সংশ্লিষ্ট সব দায়িত্বশীল নেতা কি বিষয়টি জানেন? সংগঠনের সভাপতি কি সভার বিষয়ে সম্মতি দিয়েছেন?
রাজনীতিতে কারও ব্যক্তিগত প্রভাব সাময়িকভাবে বড় হয়ে উঠতে পারে, কিন্তু সাংগঠনিক শৃঙ্খলা ও রাজনৈতিক জবাবদিহির ঊর্ধ্বে কেউ নন। আজ যে কর্মকাণ্ডকে সামান্য সাংগঠনিক বিষয় বলে মনে হচ্ছে, আগামী দিনে সেটিই রাজনৈতিক ও সাংগঠনিক বিব্রতকর পরিস্থিতির কারণ হতে পারে। কারণ, কোনো ব্যক্তির সঙ্গে কারও কর্মকাণ্ড, যোগাযোগ কিংবা সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বের নজরে আসা অস্বাভাবিক নয়।
স্মরণ রাখা প্রয়োজন, পচা শামুকেও পা কাটে। অতএব, ব্যক্তিগত আনুগত্য প্রদর্শন করতে গিয়ে নিজের রাজনৈতিক অবস্থান, গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক দায়িত্ব যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির সতর্ক থাকা প্রয়োজন।
এখানে আরও একটি মৌলিক প্রশ্ন রয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি অপর্ণা রায় দাস। তাঁর নেতৃত্বে সারা দেশে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার যে প্রচেষ্টা চলছে, তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা কি সংশ্লিষ্ট সবার সাংগঠনিক দায়িত্ব নয়? একজন সভাপতিকে পাশ কাটিয়ে কিংবা তাঁকে অবগত না রেখে কোনো কর্মসূচি পরিচালিত হলে তা সংগঠনের ঐক্যকে শক্তিশালী করবে, নাকি বিভক্তির নতুন ক্ষেত্র তৈরি করবে?
সনাতনী সমাজ কোনো ব্যক্তির ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা পূরণের সিঁড়ি হতে পারে না। এই সমাজের রয়েছে দীর্ঘদিনের সংগ্রাম, সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্মীয় অনুভূতি এবং রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা। সেই সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোতে যদি নেতৃত্বের স্বীকৃতি, সাংগঠনিক স্বচ্ছতা ও পারস্পরিক আস্থার সংকট দেখা দেয়, তাহলে তার নেতিবাচক প্রভাব পড়বে তৃণমূলের সাধারণ মানুষের ওপর।
আমরা মনে করি, ২৮ নভেম্বরের বর্ধিত সভা ঘিরে সৃষ্ট প্রশ্নগুলোর উত্তর সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদেরই দেওয়া উচিত। সভার আহ্বায়ক কে? কোন সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে সভা আহ্বান করা হয়েছে? কেন্দ্রীয় সভাপতি অপর্ণা রায় দাসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে কি না? তাঁর সম্মতি রয়েছে কি না? সভায় সভাপতিত্ব করবেন কে? আর এই সভার প্রকৃত সাংগঠনিক উদ্দেশ্যই বা কী?
এসব প্রশ্নের উত্তর না দিয়ে যদি ব্যক্তিগত প্রভাব, অতিথিদের নাম কিংবা রাজনৈতিক পরিচয়ের আড়ালে সাংগঠনিক বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, তাহলে তা কোনোভাবেই কাম্য হতে পারে না।
আমাদের বক্তব্য কারও বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ ছড়ানো নয়, কাউকে হেয় করাও নয়। বরং একটি সংগঠনের স্বচ্ছতা, মর্যাদা ও ঐক্য রক্ষার স্বার্থেই এই প্রশ্নগুলো উত্থাপন করা হচ্ছে। কারও বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য হলে তার জবাবদিহি নিশ্চিত হোক, আর ভুল বোঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে দূর করা হোক।
সবশেষে বলতে চাই, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোনো ব্যক্তির একক সম্পত্তি নয়। এটি একটি সাংগঠনিক পরিচয়, একটি সম্মিলিত দায়িত্ব এবং সনাতনী সমাজের প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত একটি প্ল্যাটফর্ম। এখানে ব্যক্তির চেয়ে সংগঠন বড়, ব্যক্তিগত স্বার্থের চেয়ে সামষ্টিক স্বার্থ বড় এবং পদ-পদবির চেয়ে সাংগঠনিক মর্যাদা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
দেউলিয়াত্বেরও একটি সীমারেখা আছে। নেতৃত্বকে উপেক্ষা করে নেতৃত্বের পরিচয় ব্যবহার, সভাপতিকে পাশ কাটিয়ে সভাপতির সংগঠনের নামে সভা আয়োজন কিংবা ব্যক্তিগত স্বার্থে সাংগঠনিক বিভ্রান্তি সৃষ্টি—কোনোটিই সুস্থ সংগঠনচর্চার পরিচয় হতে পারে না।
সনাতনী সমাজ আজ জানতে চায়—২৮ নভেম্বরের এই বর্ধিত সভা কি সত্যিকার অর্থেই সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ, নাকি এর আড়ালে অন্য কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক হিসাব-নিকাশ রয়েছে?
এই প্রশ্নের উত্তর সময়ের দাবি। কারণ, সংগঠন বাঁচলে নেতৃত্বের মর্যাদা বাঁচবে, নেতৃত্বের মর্যাদা বাঁচলে ঐক্য অটুট থাকবে। আর ঐক্য বিনষ্ট হলে ক্ষতিগ্রস্ত হবে গোটা সনাতনী সমাজ।
ব্যক্তি নয়, সংগঠনই হোক সর্বাগ্রে। ব্যক্তিস্বার্থ নয়, সনাতনী সমাজের বৃহত্তর ঐক্যই হোক আমাদের অঙ্গীকার।
লেখক: সহকারী অধ্যাপক, সাংবাদিক, আইনজীবী, গবেষক ও মানবাধিকার কর্মী।
মন্তব্য করুন