আলোকিত ডেস্ক
৩ নভেম্বর ২০২৬, ১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত
২১

দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছর গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় বিদ্যুৎ গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ ও অর্থায়ন সহজ করতে প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি নেট মিটারিং ব্যবস্থায় উৎপাদিত অতিরিক্ত সৌরবিদ্যুৎ ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে প্রণোদনাসহ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনাময় খাত নয়, বরং সময়ের অনিবার্য বাস্তবতা।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াতে নীতি সহায়তা, কর ও শুল্ক সুবিধা এবং আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারির মতো প্রয়োজনীয় যন্ত্রপাতির আমদানি এবং দেশীয় উৎপাদনেও বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাসাবাড়ির অব্যবহৃত ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করতে হবে। এতে জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ কমানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাও বাড়বে।

বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশকে আমদানিনির্ভর করে ফেলার কারণে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকার ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

তিনি আরও জানান, বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে ডিজেলের মজুত বাড়ানো, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য কয়লার সরবরাহ নিশ্চিত করা এবং বিকল্প সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। জ্বালানি তেল সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইতোমধ্যে ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি খাতে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সোলার এক্সপোতে তিন শতাধিক তরুণ-তরুণী তাঁদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেছেন। তরুণদের উদ্যোগ উৎসাহিত করতে চলতি বাজেটে স্টার্টআপ খাতে বছরে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন, অর্থের অভাবে যেন কোনো তরুণের উদ্ভাবনী ধারণা হারিয়ে না যায়, সরকার তা নিশ্চিত করতে চায়। সৌরবিদ্যুৎ স্থাপন ও সম্প্রসারণ সহজ করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

কৃষি খাতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে বিদ্যুৎচালিত সেচ পাম্পকে সৌরচালিত পাম্পে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকের উৎপাদন খরচ কমবে, জাতীয় গ্রিডের বিদ্যুৎ সাশ্রয় হবে এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত হবে।

সৌরবিদ্যুৎ খাতের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি যথাযথ রক্ষণাবেক্ষণ ও গ্রাহকসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে উদ্যোক্তাদের সমস্যার সমাধানে আন্তরিক হওয়ার নির্দেশনা দেন।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকার, উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাংলাদেশ সোলার এক্সপো যেন শুধু প্রদর্শনীতে সীমাবদ্ধ না থেকে নতুন উদ্যোক্তা, বিনিয়োগ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে।

দেশের অন্যতম প্রধান জ্বালানি উৎস হিসেবে সৌরবিদ্যুৎকে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈরাজ্য সৃষ্টিতে বিরোধীদলের মৌন সমর্থন আছে: রাশেদ খাঁন

১

রাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

২

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

৩

শ্রমিকের ছদ্মবেশে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার

৪

সীমান্তের ওপারের ইন্ধনে পোশাক শিল্পে অস্থিরতা, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

৫

শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় ছুটি, কাজ ছাড়লেন প্রায় ১০ লাখ শ্রমিক

৬

গোপালগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

৭

শিবপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৮

গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫০৫

১০

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

১১

বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১২

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান বিএনপির

১৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করায় সমমনা জোটের অভিনন্দন

১৪

বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ

১৫

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১২, বিপুল মাদক উদ্ধার

১৬

করাচিতে স্বাধীনতা দিবসের গুলিবর্ষণে নিহত ১, আহত ৯৪

১৭

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

১৮

১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৯

বহু বছর পর রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি পেতে যাচ্ছি: আসিফ নজরুল

২০