Alokito Janapad ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ২:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম : পিউ রিসার্চ

৩০

বিশ্বে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম। ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক নতুন প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০-২০৭০’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম ও খ্রিষ্টান—উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়বে। তবে খ্রিষ্টানদের তুলনায় মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির হার বেশি হবে। ফলে ২০৩৫ সালের মধ্যে মুসলিমরা সংখ্যায় খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে। পিউর হিসাবে, ওই বছর বিশ্বে মুসলিমের সংখ্যা দাঁড়াতে পারে ২৫৭ কোটি এবং খ্রিষ্টানের সংখ্যা ২৫২ কোটি।

২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে গবেষণাটি তৈরি করেছে পিউ। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস। ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যার পরিবর্তন ও বিস্তারের ওপর ভিত্তি করে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী এবং কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন—এমন মানুষ।

গবেষণাটি পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের অংশ। বিশ্বে ধর্মীয় পরিবর্তন এবং এর প্রভাব বিশ্লেষণ করাই এ প্রকল্পের উদ্দেশ্য। তবে পিউ জানিয়েছে, এই পূর্বাভাস ভবিষ্যতের সব পরিবর্তন নিশ্চিতভাবে নির্ধারণ করে না। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি এবং আর্থসামাজিক পরিস্থিতির পরিবর্তন ধর্মীয় জনগোষ্ঠীর আকার ও পরিচয়ে প্রভাব ফেলতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার বিশ্বের অন্যান্য প্রধান ধর্মীয় গোষ্ঠীর তুলনায় বেশি। এটিই মুসলিম জনগোষ্ঠীর দ্রুত বৃদ্ধির অন্যতম কারণ। পিউর হিসাবে, ২০২০ থেকে ২০২৫ সময়ে একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দিয়েছেন। অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। জনসংখ্যা স্থিতিশীল রাখতে সাধারণত একজন নারীর গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্ম দেওয়া প্রয়োজন।

পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির কারণে মুসলিম জনগোষ্ঠীতে নতুন করে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। বিপরীতে খ্রিষ্টান জনগোষ্ঠীতে এ সংখ্যা হতে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ। সব মিলিয়ে ২০৭০ সালে বিশ্বে মুসলিমের সংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ।

ধর্ম পরিবর্তনের হিসাবেও মুসলিম ও খ্রিষ্টান জনগোষ্ঠীর মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে যাওয়া এবং অন্য ধর্ম থেকে ইসলামে আসার হিসাব মিলিয়ে মুসলিম জনগোষ্ঠীর নিট ক্ষতি হতে পারে ৮০ লাখ মানুষের। অন্যদিকে খ্রিষ্টধর্মের ক্ষেত্রে এ ক্ষতির পরিমাণ হতে পারে ১০ কোটি ৫০ লাখ।

প্রতিবেদনে বলা হয়েছে, খ্রিষ্টধর্ম ছেড়ে যাওয়া অনেকেই পরবর্তী সময়ে কোনো ধর্মের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবেন না। তাঁদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও রয়েছেন। তবে মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির প্রধান কারণ খ্রিষ্টানদের ব্যাপক হারে ইসলাম গ্রহণ নয়। বরং জন্মহার ও বয়সভিত্তিক জনসংখ্যার কাঠামো এ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।

দেশভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, পাকিস্তান বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠতে পারে। ২০২০ সালে দেশটিতে মুসলিমের সংখ্যা ছিল প্রায় ২২ কোটি ৭০ লাখ। ২০৭০ সালে তা বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এতে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যেতে পারে পাকিস্তান।

এ ছাড়া ২০৭০ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে পিউ।

অন্যদিকে, খ্রিষ্টানদের জনসংখ্যাও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বিশ্ব জনসংখ্যার অনুপাতে তাদের অবস্থান প্রায় একই থাকবে। ২০৭০ সাল নাগাদ খ্রিষ্টানদের সংখ্যা প্রায় ৩০০ কোটিতে পৌঁছাতে পারে। সে সময় বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ২৯ শতাংশ হবেন খ্রিষ্টান।

সব মিলিয়ে পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় বলা হয়েছে, জন্মহার, বয়সভিত্তিক জনসংখ্যার কাঠামো, অভিবাসন এবং ধর্ম পরিবর্তনের মতো বিষয়গুলো আগামী কয়েক দশকে বিশ্বের ধর্মীয় জনসংখ্যার চিত্র বদলে দিতে পারে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যেই অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম। তথ্যসূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

১

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম : পিউ রিসার্চ

২

পিজি হাসপাতাল কবে বন্ধ থাকে? জেনে নিন সময়সূচি

৩

নিকো পাজের প্রতিভায় মুগ্ধ রিয়াল মাদ্রিদ, ফিরতে পারেন পুরোনো ঠিকানায়

৪

বিদেশে ব্যাংকের ওটিপি পেতে কোন বাংলাদেশি সিম ভালো?

৫

ঢাবির ভর্তি পরীক্ষা নিয়ে নতুন মোড়, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল

৬

প্রবাসীদের জন্য বাংলাদেশের সেরা সিম কোনটি?

৭

গোপালগঞ্জে এবার এমপি সেলিমুজ্জামানের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

৮

আটা, লবণ, হলুদ ও মরিচ কিনতে বড় দরপত্র ডাকল টিসিবি, আবেদন শেষ ১০ ডিসেম্বর

৯

আপনার সম্পর্ক কি সত্যিই সুন্দর? সুস্থ সম্পর্কের এই ৫ লক্ষণ মিলিয়ে নিন

১০

মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ, আবেদন শুরু ২২ নভেম্বর

১১

পল্লী বিদ্যুতের নতুন মিটার নিতে এখন অনলাইনে আবেদন করুন যেভাবে

১২

আজও শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া

১৩

ঘূর্ণিঝড় আকভান এর গতিপথ পরিবর্তন, আঘাত হানবে কোথায়?

১৪

নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার করলে কী সমস্যা হতে পারে?

১৫

আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৬

পাঁচটি নয়, এক এনআইডিতে বর্তমানে কয়টি সিমের অনুমতি?

১৭

শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

১৮

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

স্কুল-কলেজে এআই বিভাগ চালুর উদ্যোগ, কী জানালেন শিক্ষামন্ত্রী

২০