অ্যাডভেঞ্চার ও স্পোর্টস ট্যুরিং মোটরসাইকেলের বাজারে নতুন মডেল নিয়ে আসছে জাপানের নির্মাতা প্রতিষ্ঠান কাওয়াসাকি। ২০২৭ মডেলের Kawasaki Versys 900-এ থাকছে ৯৪৮ সিসির শক্তিশালী ইঞ্জিন, আধুনিক রাইডার সহায়তা প্রযুক্তি এবং উন্নত নিরাপত্তাব্যবস্থা। নতুন বাইকটিতে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, ব্লাইন্ড স্পট শনাক্তকরণ এবং পাঁচ ইঞ্চির রঙিন ডিজিটাল ডিসপ্লের মতো সুবিধাও যুক্ত করা হয়েছে।
নতুন ভার্সিস ৯০০-তে রয়েছে তরলশীতল ৯৪৮ সিসির চার সিলিন্ডারের ইনলাইন ইঞ্জিন। এটি সর্বোচ্চ ১২২ পিএস শক্তি ও ৯৭ দশমিক ৩ নিউটনমিটার টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনের সঙ্গে রয়েছে ছয় গতির গিয়ারবক্স। দীর্ঘ ভ্রমণ ও বিভিন্ন ধরনের সড়কে চলাচলের উপযোগী করে বাইকটির কাঠামো ও রাইডিং পজিশন তৈরি করা হয়েছে।
নিরাপত্তার জন্য এতে যুক্ত হয়েছে উন্নত রাইডার সহায়তা ব্যবস্থা। এর মধ্যে রয়েছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, সামনের সংঘর্ষের সতর্কবার্তা, ব্লাইন্ড স্পট শনাক্তকরণ, কর্নারিং এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল। এ ছাড়া দ্রুত গিয়ার পরিবর্তনের জন্য রয়েছে কুইক শিফটার। জরুরি ব্রেক করার সময় পেছনের যানবাহনকে সতর্ক করতে থাকছে ইমার্জেন্সি স্টপ সিগন্যাল।
প্রযুক্তিগত সুবিধার অংশ হিসেবে বাইকটিতে রয়েছে পাঁচ ইঞ্চির পূর্ণ রঙিন টিএফটি ডিসপ্লে। এতে নেভিগেশন সুবিধার পাশাপাশি স্মার্টফোন সংযোগের ব্যবস্থা রাখা হয়েছে। চালকের সুবিধা অনুযায়ী ডিসপ্লের লেআউট পরিবর্তন করা যাবে। দীর্ঘ ভ্রমণের জন্য অতিরিক্ত লাগেজ বহনের ব্যবস্থাও রয়েছে। চাইলে টপ কেস ও দুই পাশে প্যানিয়ার যুক্ত করা যাবে।
ভার্সিস ৯০০-এর পাশাপাশি এসই সংস্করণেও পাওয়া যাবে বাড়তি কিছু সুবিধা। এতে রয়েছে এলইডি ফগ ল্যাম্প, হিটেড গ্রিপ, হ্যান্ড গার্ড, রেডিয়েটর স্ক্রিন এবং সেন্টার স্ট্যান্ড। ফলে দীর্ঘ পথ ও বিভিন্ন আবহাওয়ায় চলাচলের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যাবে।
যুক্তরাজ্যের বাজারে ২০২৭ মডেলের ভার্সিস ৯০০-এর দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৮৯৯ পাউন্ড। এসই সংস্করণের দাম ১১ হাজার ৭৯৯ পাউন্ড। সেখানে ২০২৭ সালের এপ্রিল থেকে বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে। তবে বাংলাদেশে বাইকটি কবে আসবে কিংবা দাম কত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কাওয়াসাকি।
মন্তব্য করুন