যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ১৩২১ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনার ওপর ধসে পড়ে। এতে দুই স্থাপনাতেই বেশ কয়েকজন আটকা পড়েন। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতদের মধ্যে সাতটি শিশু রয়েছে।
নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিগনর জানান, নিহত দুজনের বাইরে আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ১২ জনের অবস্থা স্থিতিশীল। উদ্ধার অভিযান চালানোর সময় ফায়ার সার্ভিসের একজন কর্মীও সামান্য আহত হয়েছেন।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে স্ট্রেচার ও মইয়ের সাহায্যে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। চার ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চলার পরও ভবনটির অবশিষ্ট অংশ ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে উদ্ধারকাজ ও তল্লাশি অভিযান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কমিশনার।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, বিকেল ৪টা ১ মিনিটে জরুরি সেবা নম্বর ৯১১-এ ভবন ধসের খবর আসে। এর এক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মেয়র মামদানি বলেন, ‘অত্যন্ত শোকাহত হৃদয়ে জানাচ্ছি, এ পর্যন্ত অন্তত দুজন নিউইয়র্কবাসীর মৃত্যু হয়েছে।’
এদিকে ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভবনের বাকি অংশ ধসে পড়ার আশঙ্কা থাকায় সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
মন্তব্য করুন