গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্নের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন কমিটির সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।
ইতোমধ্যেই সমস্ত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্বাচনের আগ মুহূর্ত ও পরবর্তী সময় খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনকে সামনে রেখে জেলা রিটানিং অফিসার হিসেবে তার দায়িত্ব ও কর্ম ব্যস্ততা বেড়েছে। এ সময় তিনি জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপস্থিত সকল সদস্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা বরাবরের ন্যায় বিভিন্ন তথ্য-উপাত্ত ও পরামর্শ দিয়ে জেলা প্রশাসনকে সহযোগিতা করে চলেছেন। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জেলা আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, জেলায় গত মাসে ২০ জন আত্মহত্যা করেছে যা কারোরই কাম্য নয়, এ লক্ষ্যে মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আত্মহত্যা মহাপাপ এ বিষয়ে ধর্মীয় তাৎপর্যের ভিত্তিতে মানুষকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন। এছাড়া পরকীয়ায় আসক্ত হয়ে নিজ কন্যা সন্তানকে হত্যা মামলায় অভিযুক্ত গর্ভধারিণী মাকে আইনের আওতায় নেওয়া হয়েছে বলেও জানান।
এছাড়া প্রত্যেক অভিভাবকদেরকে তাদের সন্তানদের প্রতি বিশেষ করে কিশোরী কন্যা সন্তানদের প্রতি অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান। ফেব্রুয়ারি মাসে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিন -এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক এ সভায় জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোঃ আশ্রাফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, জেলা এনএসআই’র উপ-পরিচালক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোঃ মামুনুর রহমান,
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মিয়া, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নবী নেওয়াজ,
গোপালগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ওয়ালিউল্লাহ, গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ খালিদ হোসেন সরদার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, জেল সুপার শওকত হোসেন মিয়া, গোপালগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (অঃ দাঃ) মোঃ হাবিবুর রহমান, গোপালগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল ইসলাম, প্রেসক্লাব গোপালগঞ্জ-এর সভাপতি মোঃ জুবায়ের হোসেন, গোপালগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ মোশাররফ হোসেন, গোপালগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ কামিল সরোয়ার, খাটরা কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস,
গণমাধ্যম ও মানবাধিকারকর্মী কে এম সাইফুর রহমান সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ /তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিন -এর সঞ্চালনায় অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জানুয়ারি/ ‘২৬ মাসের বিভিন্ন বিষয়ের ওপর সংক্ষিপ্ত পর্যালোচনা ও গৃহীত সিদ্ধান্ত উপস্থাপনের পর সভায় মুক্ত আলোচনায় প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন তার বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা রোধে বিভিন্ন দোকানে অবৈধভাবে জ্বালানি তেল বিশেষ করে পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রয় বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এ ব্যাপারে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদেরকে দিকনির্দেশনা প্রদান করেন।
মন্তব্য করুন