Alokito Janapad ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

ফোনের তথ্য উদ্ধারে ইসরায়েলি প্রযুক্তি কিনছে ভারত

৩১

সরকারি সংস্থাগুলোর ডিজিটাল নজরদারি ও মোবাইল ফোন থেকে তথ্য উদ্ধারের সক্ষমতা বাড়াতে বিদেশি প্রযুক্তি কেনার নিয়ম শিথিল করেছে ভারত সরকার। এর ফলে ইসরায়েলি প্রতিষ্ঠান সেলিব্রাইটসহ একাধিক বিদেশি প্রতিষ্ঠানের উন্নত ফরেনসিক প্রযুক্তি কেনার সুযোগ তৈরি হয়েছে। তবে এ উদ্যোগ নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা, তথ্যের নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল অধিকারবিষয়ক সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের (আইএফএফ) অনুসন্ধানে সরকারি ক্রয়প্রক্রিয়ায় এই পরিবর্তনের তথ্য উঠে এসেছে। সংস্থাটির পর্যালোচনা অনুযায়ী, ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির আওতায় সরকারি কেনাকাটায় বিদেশি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর অনুমোদনে অন্তত ৪২২টি বিদেশি প্রযুক্তিপণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। এসব পণ্যের মধ্যে সেলিব্রাইটের একাধিক প্রযুক্তিও রয়েছে।

শুধু কেন্দ্রীয় সরকার বা বিজেপিশাসিত রাজ্য নয়, কংগ্রেসশাসিত হিমাচল প্রদেশ, কেরালা ও কর্ণাটকের সরকারি সংস্থাও ফোন থেকে তথ্য উদ্ধার এবং ডিভাইস ক্লোনিংয়ের প্রযুক্তি কিনেছে।

আইএফএফের পর্যালোচনা করা ৭ জানুয়ারির একটি চিঠিতে দেখা যায়, এক বছরের জন্য বিদেশি প্রযুক্তি কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এতে ডিজিটাল ও মাল্টিমিডিয়া ফরেনসিকসের ১১৮টি পণ্য অন্তর্ভুক্ত ছিল। সেলিব্রাইটের পাথফাইন্ডার, ইনসাইটস অন-প্রেম প্রো এবং ইনসাইটস অফলাইনও ছিল ওই তালিকায়।

এ ছাড়া ২০ জানুয়ারির আরেকটি চিঠিতে ভারতের জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) সেলিব্রাইটের একটি প্রিমিয়াম প্রযুক্তি তিন বছরের লাইসেন্সে প্রায় পাঁচ কোটি রুপিতে কেনার অনুমতি দেওয়া হয়।

সরকারি দরপত্রের শর্তে এমন সফটওয়্যার চাওয়া হয়েছে, যা জব্দ করা মোবাইল ফোন বা কম্পিউটার থেকে পাওয়া লগইন টোকেন ব্যবহার করে শতাধিক ক্লাউড সেবায় প্রবেশ করতে পারে। লগইন টোকেন হলো এমন এক ধরনের ডিজিটাল পরিচয়পত্র, যা ব্যবহারকারীর অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ দিতে পারে।

দিল্লি পুলিশের ন্যাশনাল সাইবার ফরেনসিক ল্যাবের জন্য চাওয়া সফটওয়্যারে অ্যাপল, মাইক্রোসফট ও লিনাক্স অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড এবং স্ক্রিন লক অতিক্রম করার সক্ষমতা চাওয়া হয়েছে। পাশাপাশি মুছে ফেলা ফাইল উদ্ধার, ব্রাউজিং ইতিহাস সংগ্রহ, ভিপিএন ব্যবহারের চিহ্ন শনাক্ত এবং মেসেজিং অ্যাপের তথ্য উদ্ধারের সুবিধাও চাওয়া হয়েছে।

আরেক ধরনের প্রযুক্তির মাধ্যমে গুগল, অ্যাপল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ডিসকর্ড, টিন্ডার, গ্রিন্ডার ও ওকেকিউপিডের মতো প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহের সক্ষমতা চাওয়া হয়েছে। এমনকি ড্রোন, পরিধানযোগ্য প্রযুক্তি, অ্যামাজনের অ্যালেক্সা ও গুগল হোমের মতো সংযুক্ত ডিভাইস থেকেও তথ্য উদ্ধারের শর্ত রয়েছে।

আইএফএফের অনুসন্ধানে ম্যাগনেট, এমএসএবি, অক্সিজেন ফরেনসিকস ও বেলকাসফটের মতো বিদেশি প্রতিষ্ঠানের প্রযুক্তির তথ্যও উঠে এসেছে। পাশাপাশি ওপেন সোর্স গোয়েন্দা তথ্য সংগ্রহ, ডার্ক ওয়েব পর্যবেক্ষণ এবং ক্রিপ্টোকারেন্সি লেনদেন অনুসন্ধানের সফটওয়্যার কেনার বিষয়ও রয়েছে।

নজরদারি প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বেগের উদাহরণ হিসেবে ভারতের ইউটিউবার ধ্রুব রাঠির অভিজ্ঞতার কথা তুলে ধরেছে আলজাজিরা। দিল্লিতে একটি বিক্ষোভে অংশ নেওয়ার পর আটক অবস্থায় তাঁর ফোন জব্দ করা হয়েছিল। পরে এক পডকাস্টে রাঠি দাবি করেন, পুলিশ সেলিব্রাইটের প্রযুক্তি ব্যবহার করে তাঁর আইফোন ক্লোন করার চেষ্টা করেছিল। তবে নতুন সংস্করণের আইওএস থাকায় সেটি সফল হয়নি বলে তাঁর ধারণা। আলজাজিরা এ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

গত ১০ অক্টোবর দিল্লিতে আটক হওয়ার পর একই ধরনের অভিযোগ করেন সিয়াসাত ডেইলির সাংবাদিক মোহাম্মদ আসলাম হুসাইন। তাঁর দাবি, পুলিশ ফোন ফেরত দেওয়ার পর তিনি দেখতে পান, সংবাদ সংগ্রহের সময় ধারণ করা কয়েকটি ভিডিও মুছে ফেলা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ ব্যবহারকারী এই সাংবাদিক ফোনের নিরাপত্তাব্যবস্থা কীভাবে অতিক্রম করা হয়েছিল, তা নিশ্চিত হতে পারেননি।

এর আগেও ভারতে নজরদারি প্রযুক্তির ব্যবহার নিয়ে বিতর্ক হয়েছে। ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানিয়েছিল, ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফরেনসিক পরীক্ষায় সাংবাদিক সিদ্ধার্থ ভারদারাজন ও আনন্দ মঙ্গলনের ফোনে পেগাসাস সংক্রমণের প্রমাণ পাওয়ার কথা জানানো হয়। তবে ভারত সরকার অননুমোদিত নজরদারির অভিযোগ অস্বীকার করে আসছে।

আইএফএফের মতে, ভারতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জব্দ করা ফোন আনলক করা, সম্পূর্ণ তথ্য কপি করা কিংবা ক্লাউড অ্যাকাউন্টে প্রবেশের ক্ষেত্রে স্পষ্ট ও বিস্তারিত আইনি নীতিমালার ঘাটতি রয়েছে। ফোন জব্দের ক্ষমতা থাকলেও পাসকোড ভাঙা, লগইন টোকেন সংগ্রহ, উদ্ধার করা তথ্য সংরক্ষণ এবং সেগুলো ব্যবহারের সীমা নিয়ে পর্যাপ্ত বিধান নেই বলে মনে করে সংস্থাটি।

২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়। আদালতের রায়ে বলা হয়, ব্যক্তিগত গোপনীয়তায় রাষ্ট্রের হস্তক্ষেপের জন্য আইনি ভিত্তি, বৈধ উদ্দেশ্য ও আনুপাতিকতা থাকতে হবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডিজিটাল অধিকারকর্মী বৃন্দা ভান্ডারির মতে, যথাযথ নজরদারি ও জবাবদিহি ছাড়া এসব প্রযুক্তির ব্যবহার রাষ্ট্রীয় নজরদারির পরিধি আরও বাড়াতে পারে। তাঁর ভাষ্য, অনেক ক্ষেত্রে নজরদারির শিকার ব্যক্তি বিষয়টি জানতেও পারেন না। ফলে আইনি প্রতিকার চাওয়ার সুযোগও সীমিত হয়ে যায়।

আলজাজিরা এ বিষয়ে ভারতের জাতীয় তদন্ত সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং হিমাচল প্রদেশ, কর্ণাটক ও কেরালার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ডিসেম্বরেই, কোন প্রতিষ্ঠানে কবে পরীক্ষা

১

বাবা-মায়ের চাকরি নিয়ে মন্তব্যের সমালোচনা করলেন শবনম ফারিয়া

২

নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ২, আহত ১৭

৩

ভূমি অফিসে হেনস্তার শিকার সাংবাদিক, অভিযুক্ত নায়েব কালামকে নিয়ে চলে গেলেন এসিল্যান্ড

৪

এক মাসে ২১ লাখ ব্যারেল বেড়েছে সৌদির দৈনিক তেল উৎপাদন

৫

২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার বয়ান ও ইমামতি করবেন তাকি উসমানি

৬

পরীক্ষায় নকল ও দায়িত্বে অবহেলা, বাউবির ৬১ জনের বিরুদ্ধে ব্যবস্থা

৭

সৌদি আরবে সেনা ও রাফাল যুদ্ধবিমান পাঠিয়েছে মিশর

৮

জার্মানির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে পারমাণবিক সংঘাতের শঙ্কা

৯

প্রবাসী ফুটবলার আনার মিশন থামছে না, অপেক্ষায় আরও নতুন মুখ

১০

বোনের স্মৃতি ধরে রাখতে ৩০ বছর মুখে জলপাইয়ের আঁটি

১১

ফোনের তথ্য উদ্ধারে ইসরায়েলি প্রযুক্তি কিনছে ভারত

১২

বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা, যা জানালেন ইউজিসি চেয়ারম্যান

১৩

বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া, কুষ্টিয়া পৌরসভায় চালু Recycle Bangla অ্যাপ

১৪

মাভাবিপ্রবির জার্সি গায়ে সাইকেল চুরি, পরদিন শিক্ষার্থীদের হাতে আটক

১৫

বিকাশে চাকরি, আবেদন করতে পারবেন নারী-পুরুষ উভয়েই

১৬

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদন করতে পারবেন যেসব যোগ্যতার প্রার্থীরা

১৭

নোবিপ্রবির রিজেন্ট বোর্ডে নতুন সদস্য ঢাবি অধ্যাপক মোর্শেদ হাসান খান

১৮

মক্কা অঞ্চলে দুই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, বাড়ছে উদ্বেগ

১৯

মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

২০