Alokito Janapad ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

বাংলা ভাষায় নিজস্ব এআই তৈরি করবে সরকার, গাজীপুরে হবে মূল কেন্দ্র

২৩

বাংলা ভাষায় নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরির পরিকল্পনা করছে সরকার। এ জন্য দেশে শক্তিশালী কম্পিউটার, সার্ভার ও তথ্য সংরক্ষণের অবকাঠামো গড়ে তোলা হবে। এর মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ তথ্য দেশের ভেতরে রেখেই এআই তৈরি ও ব্যবহারের সুযোগ তৈরি করতে চায় সরকার। উদ্যোগ বাস্তবায়নে বিশ্বের শীর্ষ চারটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত জাতীয় ডেটা সেন্টারকে কেন্দ্র করে গড়ে উঠবে দেশের মূল এআই অবকাঠামো। পাশাপাশি দেশের আট বিভাগে আটটি আঞ্চলিক এআই কম্পিউটিং কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। জাতীয় ডেটা সেন্টারটি বর্তমানে বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) পরিচালনায় রয়েছে। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গাজীপুরে প্রাথমিকভাবে ১০ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ করা হয়েছে।

আঞ্চলিক কেন্দ্রগুলো চালু হলে বিভাগীয় পর্যায়ে সরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলো স্থানীয়ভাবে এআই প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশীয় প্রযুক্তি উদ্যোক্তা ও স্টার্টআপগুলোর জন্যও এই অবকাঠামোর কম্পিউটিং সক্ষমতা উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, সার্বভৌম এআইয়ের মূল লক্ষ্য হলো দেশের নাগরিকদের তথ্য, ডেটা ও নাগরিক সেবার ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। একই সঙ্গে এআই প্রযুক্তির সুফল যেন সমাজের নির্দিষ্ট কোনো শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সাধারণ কৃষক থেকে শুরু করে রিকশাচালকের সন্তান পর্যন্ত সবাই পায়, সেটি নিশ্চিত করতে চায় সরকার।

তিনি আরও বলেন, দেশে বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করে গবেষণা ও উন্নয়নের পরিবেশ তৈরি করা হবে। জাতীয় অবকাঠামো গড়ে উঠলে এর কম্পিউটিং সক্ষমতা দেশের বেসরকারি খাত ও স্টার্টআপগুলোর জন্যও উন্মুক্ত করে দেওয়া হবে।

বাংলা ভাষায় এআই মডেল তৈরির পরিকল্পনা

সরকারের পরিকল্পনায় জেমা, লামা ও কুয়েনের মতো বিদ্যমান ওপেন-সোর্স এআই মডেলকে বাংলা ভাষার উপযোগী করে তোলার কথা বলা হয়েছে। এ জন্য বিপুল পরিমাণ বাংলা লেখা ও তথ্য দিয়ে মডেলগুলোকে আরও প্রশিক্ষণ দেওয়া হবে। প্রযুক্তির ভাষায় এ প্রক্রিয়াকে বলা হয় ফাইন টিউনিং।

এ ধরনের মডেল ব্যবহার করে বাংলায় প্রশ্নের উত্তর দেওয়া, কথাকে লেখায় রূপান্তর, অনুবাদ এবং শিক্ষাসহায়তাসহ বিভিন্ন কাজে এআই ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। মডেলের প্রশিক্ষণ ও ব্যবহার—দুই কাজই দেশের ভেতরের অবকাঠামোয় করার লক্ষ্য রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, উদ্যোগ শুরুর প্রথম ১২ মাসে এআই কম্পিউটার সংযোজনের প্রস্তুতি, কর্মীদের প্রশিক্ষণ, বিভিন্ন প্রতিষ্ঠানে ছোট আকারের এআই ব্যবস্থা স্থাপন এবং কালিয়াকৈরের অবকাঠামোর কারিগরি সমীক্ষা করার কথা রয়েছে।

পরবর্তী ১২ থেকে ২৪ মাসের মধ্যে বিভাগীয় কেন্দ্র চালু এবং প্রথম এআই মডেল প্রশিক্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরপর ২৪ থেকে ৩৬ মাস বা তার বেশি সময়ের ধাপে জাতীয় কেন্দ্রের সক্ষমতা বাড়ানো এবং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলোর জন্য ব্যবহারের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

নিজস্ব এআই অবকাঠামো কেন

চ্যাটজিপিটি ও জেমিনাইয়ের মতো বিদেশি এআই সেবা বর্তমানে গবেষণা, পেশাগত কাজ, তথ্য বিশ্লেষণ ও সফটওয়্যার তৈরিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তবে এআই প্রযুক্তি চালানোর জন্য শুধু সফটওয়্যার থাকলেই হয় না; প্রয়োজন শক্তিশালী কম্পিউটার, প্রসেসর, সার্ভার এবং বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণের ব্যবস্থা।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া কিংবা একসঙ্গে অনেক ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উচ্চক্ষমতার কম্পিউটিং অবকাঠামো প্রয়োজন। সরকার সেই সক্ষমতা দেশের ভেতরেই গড়ে তুলতে চায়। এতে গুরুত্বপূর্ণ তথ্য দেশের নিয়ন্ত্রণে রাখা এবং দেশীয় প্রয়োজন অনুযায়ী এআই প্রযুক্তি উন্নয়নের সুযোগ তৈরি হবে।

তবে বিশেষজ্ঞদের মতে, সার্বভৌম এআইয়ের সক্ষমতা শুধু নিজস্ব সার্ভার বা ডেটা সেন্টার থাকার ওপর নির্ভর করে না। এআই মডেলের মান, প্রয়োজনীয় তথ্য, প্রশিক্ষণ এবং দক্ষ জনবলও গুরুত্বপূর্ণ। দেশে সার্ভার স্থাপন করলেই তথ্যের নিরাপত্তা নিশ্চিত হয় না; এর জন্য কার্যকর নিরাপত্তাব্যবস্থা, নাগরিকের অধিকার সুরক্ষা এবং তথ্য ব্যবহারের সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন।

টেক গ্লোবাল ইনস্টিটিউটের বাংলাদেশ প্রধান ফৌজিয়া আফরোজ বলেন, শুধু নিজস্ব অবকাঠামো গড়ে তোলাই যথেষ্ট নয়; এর নিরাপত্তা, নাগরিকের অধিকার, আইনি সুরক্ষা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তাঁর মতে, তথ্য সংরক্ষণের পাশাপাশি কার্যকর নীতিমালা এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যথাযথ বোঝাপড়াও জরুরি।

টেশিসকে কাজে লাগানোর পরিকল্পনা

সার্বভৌম এআই উদ্যোগের আরেকটি লক্ষ্য হলো, সব ধরনের প্রস্তুত যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি না করে দেশে কিছু যন্ত্রপাতি সংযোজনের সক্ষমতা তৈরি করা। এ জন্য গাজীপুরের টঙ্গীতে রাষ্ট্রায়ত্ত টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) বিদ্যমান কারখানা ব্যবহারের প্রস্তাব করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, শুরুতে ছোট আকারের এআই কম্পিউটার সংযোজন করা হবে। পরে উচ্চক্ষমতার ওয়ার্কস্টেশন, সার্ভার ও সম্পূর্ণ সার্ভার র‍্যাক সংযোজনের সক্ষমতা তৈরির উদ্যোগ নেওয়া হবে। তবে সব যন্ত্রাংশ বাংলাদেশে তৈরি করা সম্ভব হবে না। বিশেষ করে উচ্চক্ষমতার প্রসেসর ও মেমরিসহ গুরুত্বপূর্ণ কিছু প্রযুক্তি বিদেশ থেকে আনতে হবে।

প্রাথমিক পর্যায়ে সম্পূর্ণ তৈরি যন্ত্রপাতি আমদানি করে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে স্থানীয় কারখানা প্রস্তুত করা হবে। পরবর্তী সময়ে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে দেশে সংযোজন ও পরীক্ষা করা হবে। আরও পরের ধাপে সার্ভারের বিভিন্ন অংশ সংযোজন, যন্ত্রপাতির মান যাচাই ও মেরামতের সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

আগের উদ্যোগগুলোর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন

বিদেশি প্রযুক্তিসেবার দেশীয় বিকল্প তৈরির উদ্যোগ বাংলাদেশে আগেও নেওয়া হয়েছিল। ২০২১ সালের জুলাইয়ে তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক ফেসবুকের বিকল্প ‘যোগাযোগ’, জুমের বিকল্প ‘বৈঠক’ এবং হোয়াটসঅ্যাপের বিকল্প ‘আলাপন’ তৈরির কথা জানিয়েছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে এআইভিত্তিক ‘জি-ব্রেইন’ প্ল্যাটফর্মও উদ্বোধন করা হয়। তখন সেটিকে জাতীয় ডেটা সেন্টারে নেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সম্প্রসারণের পরিকল্পনার কথা জানানো হয়েছিল।

তবে এসব উদ্যোগের পর কতটা বাস্তবায়ন হয়েছে এবং উদ্বোধন করা সেবাগুলো কতটা কার্যকরভাবে ব্যবহৃত হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, নতুন উদ্যোগ বাস্তবায়নে আগের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া জরুরি। প্রকল্পের ব্যয়, নিয়মিত রক্ষণাবেক্ষণ, সেবার মান এবং কার্যকারিতা যাচাইয়ের ব্যবস্থা শুরু থেকেই স্পষ্ট করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, বিদেশি প্রযুক্তিসেবার বিকল্প তৈরি করাই যথেষ্ট নয়; সেগুলো যেন ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে পারে, সেটিও নিশ্চিত করতে হবে। বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত প্রযুক্তিসেবা ছেড়ে ব্যবহারকারীরা কেন দেশীয় প্রযুক্তি ব্যবহার করবেন, সেই বাড়তি সুবিধাও স্পষ্ট হওয়া প্রয়োজন।

তাঁর মতে, এ ধরনের উদ্যোগ শুধু নতুন প্ল্যাটফর্ম তৈরি বা উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সেবার মান, নিরাপত্তা, ব্যবহারকারীর আগ্রহ এবং দীর্ঘমেয়াদি পরিচালনার সক্ষমতাও বিবেচনায় নিতে হবে। অন্যথায় বিপুল অর্থ ব্যয়ে তৈরি উদ্যোগ একসময় ব্যবহারকারীর অভাবে অকার্যকর হয়ে পড়তে পারে। সূত্র: প্রথম আলো

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুম এটিএম আলী জিন্নাহ মৃধার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

১

তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির দুই ছেলে জেল হাজতে

২

বাংলা ভাষায় নিজস্ব এআই তৈরি করবে সরকার, গাজীপুরে হবে মূল কেন্দ্র

৩

মোবাইলে কোরআন পড়ার সময় হঠাৎ ফোন এলে কী করবেন?

৪

ডায়াবেটিসে পায়ের ছোট ক্ষত থেকে গ্যাংগ্রিন! ঝুঁকি এড়াতে যা করবেন

৫

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পথে নতুন পদক্ষেপ

৬

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির

৭

মাঠজুড়ে ডাচদের দাপট, সাত গোলের ব্যবধানে বিধ্বস্ত গ্রিস

৮

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

৯

তাহিরপুরে অভিযানে ৪৮ বোতল ভারতীয় বিদেশি মদসহ গ্রেপ্তার ১

১০

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

১১

১৯ বছর ধরে বেড়িবাঁধে মেয়ের অপেক্ষায় রেবা বেগম, সিডরে হারানো রহিমার ফেরার আশায় কাটে দিন

১২

সাগরে লঘুচাপ সৃষ্টি, আগামী দুই দিন আবহাওয়া যেমন থাকবে

১৩

রমজানের আগে নতুন টিসিবি ডিলার নিয়োগ, ঘরে বসেই করা যাবে আবেদন

১৪

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্বপ্ন বুনছে চিলড্রেনস হ্যাভেন-টাঙ্গাইল

১৫

লক্ষ্মীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ ৩১ জন গ্রেপ্তার

১৬

আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

মেসিহীন আর্জেন্টিনার হার, দক্ষিণ আমেরিকার ক্লাসিকোয় উরুগুয়ের জয়

১৮

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

১৯

১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত

২০