আসন্ন পবিত্র রমজানের আগে নতুন ডিলার নিয়োগ দিতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে ডিজিটাল পদ্ধতি। ফলে নতুন ডিলার হতে আগ্রহীরা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। শুধু আবেদন জমা দেওয়াই নয়, অনলাইনে জানা যাবে আবেদনের অগ্রগতিও।
শুক্রবার (১৩ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, আগে ডিলার নিয়োগের আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হতো। এখন থেকে আগ্রহীরা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি তাঁদের আবেদনের অগ্রগতিও অনলাইনে জানার সুযোগ থাকবে।
তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় নতুন ডিলার নিয়োগের কার্যক্রম চলছে। একই সঙ্গে আবেদনকারীদের দেওয়া তথ্য মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হচ্ছে। নতুন পদ্ধতিতে অনলাইনে জমা পড়া আবেদন সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে আবেদনকারীদের তথ্য যাচাই এবং মাঠপর্যায়ে তদন্ত করা হচ্ছে। পরে তদন্ত প্রতিবেদন মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কাজ করছে তিন সদস্যের একটি মূল্যায়ন কমিটি। এ কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রয়েছেন। জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।
টিসিবির চেয়ারম্যান বলেন, জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পাওয়ার ওপর নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি অনেকাংশে নির্ভর করছে। এখনো সব জেলার প্রতিবেদন পাওয়া যায়নি। এ কারণে পুরো প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগছে।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন ডিলারের অন্তত ৫০ শতাংশ নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে টিসিবির। বাকি নিয়োগও আসন্ন রমজানের আগেই শেষ করতে চায় সংস্থাটি। এর মাধ্যমে রমজানকে সামনে রেখে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালে যেসব ডিলারের লাইসেন্স নবায়নের কথা ছিল, তাঁদের লাইসেন্স নবায়নের সময়সীমা তিন মাস বাড়ানো হয়েছে। এরপর নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ডিলার নির্বাচনে তদারকি জোরদার করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
নতুন ডিজিটাল ব্যবস্থায় অনলাইনে আবেদন গ্রহণ, জেলা প্রশাসনের মাধ্যমে তথ্য যাচাই এবং মূল্যায়ন কমিটির পর্যালোচনার মধ্য দিয়ে ডিলার নিয়োগ সম্পন্ন হবে। টিসিবির আশা, এ পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। একই সঙ্গে আবেদনকারীদের ভোগান্তি কমবে এবং রমজানের আগে পণ্য বিতরণ কার্যক্রমের প্রস্তুতি নেওয়া সহজ হবে। সূত্র: বাসস
মন্তব্য করুন