Alokito Janapad ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

পানি সংকট কাটাতে বরেন্দ্র অঞ্চলে সরকারের মহাপরিকল্পনা

৩০

খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে তীব্র পানি সংকট মোকাবিলায় ৭০০ কিলোমিটার খাল ও ৬০০টি পুকুর পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে প্রায় ১৪৩ কিলোমিটার খাল ও ২৫০টি পুকুর পুনঃখনন করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এসব উদ্যোগের ফলে কৃষিকাজে সেচের পানির প্রাপ্যতা বাড়ছে, কমছে উৎপাদন খরচ এবং কিছু এলাকায় কৃষি ফলনও বেড়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ১৮টি সহযোগী সংস্থার মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে ‘এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট’ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায় ৩ কোটি মার্কিন ডলারের এ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের খরাপ্রবণ এলাকায় প্রকল্পটির কার্যক্রম চলছে। ২০২৮ সাল পর্যন্ত এর কাজ চলার কথা রয়েছে।

প্রকল্পের মূল লক্ষ্য হলো পানি সংকট মোকাবিলা, কৃষিতে সেচের সুযোগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা জোরদার করা। দীর্ঘদিন পলি, আগাছা ও গাছপালায় ভরাট হয়ে যাওয়া খাল ও পুকুর পুনঃখননের মাধ্যমে বৃষ্টির পানি ধরে রাখা এবং তা কৃষি ও গৃহস্থালির কাজে ব্যবহারের সুযোগ তৈরির চেষ্টা চলছে।

প্রকল্পের আওতায় ২ হাজার ৫০০টি বাড়ির ছাদ এবং ৪০টি পুকুরে ‘ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ’ বা এমএআর ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ১ হাজার ৬০০টি বাড়ির ছাদে এ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টদের আশা, কাজ শেষ হলে প্রায় ২ লাখ ১৫ হাজার মানুষ সারা বছর ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ পানির টেকসই ব্যবহারের সুযোগ পাবেন।

ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের সমন্বয়ক ফজলে হোসাইন বাসসকে বলেন, এ প্রকল্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন কমানো, ব্যবহৃত পানি পুনরায় কাজে লাগানো, বৃষ্টির পানি দিয়ে ভূগর্ভস্থ জলস্তর পুনর্ভরণ এবং ভূপৃষ্ঠ দিয়ে প্রবাহিত পানি কৃষিকাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। খালগুলো গড়ে ১৫ ফুট পর্যন্ত গভীর করে খনন করা হচ্ছে। তাঁর মতে, এতে কৃষকেরা দীর্ঘ সময় ধরে সুবিধা পাবেন।

প্রকল্পের কাজের অগ্রগতিতে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকায় পরিবর্তন দেখা যাচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের ভাষ্য, একসময় শুকিয়ে যাওয়া খালগুলোতে আবার পানি জমছে। কৃষকেরা এসব পানি জমিতে সেচের কাজে ব্যবহার করতে পারছেন। এতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা ও সেচের খরচ কমানোর সুযোগ তৈরি হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর সরকারি এ বি উচ্চবিদ্যালয়ের ৩ হাজার ৮৬০ বর্গমিটার ছাদ ব্যবহার করে বৃষ্টির পানি সংগ্রহ ও ভূগর্ভে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বরেন্দ্র অঞ্চলের আবাসিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য বড় ভবনের ছাদ বৃষ্টির পানি সংগ্রহের জন্য কার্যকর মাধ্যম হতে পারে।

প্রকল্পের আরেক কর্মকর্তা সামিউল হক টুটুল জানান, চাঁপাইনবাবগঞ্জের কৃষকেরা আগে সেচের ক্রমবর্ধমান খরচ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। পুনঃখনন করা খালগুলোতে পানি জমতে শুরু করায় কৃষকেরা এখন সেখান থেকে জমিতে সেচ দিতে পারছেন। এতে সেচের ব্যয় কমছে।

পানির ব্যবহার কমাতে কৃষকদের সেচপদ্ধতিতেও পরিবর্তন আনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জমিতে সব সময় পানি জমিয়ে না রেখে প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ছোট ছিদ্রযুক্ত পিভিসি পাইপ ব্যবহার করে মাটির নিচে পানির স্তর পর্যবেক্ষণের পদ্ধতিও শেখানো হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, এসব পদ্ধতি অনুসরণ করে কোনো কোনো কৃষক পানির ব্যবহার ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমাতে পেরেছেন। একই সঙ্গে ফলনও বেড়েছে। পিকেএসএফের বরাত দিয়ে সাইদ হোসেন নামের এক কৃষক জানান, গত বছর একই জমিতে ১৮০ মণ ধান পেয়েছিলেন। এ বছর পেয়েছেন প্রায় ২০০ মণ। তাঁর সেচ খরচও প্রায় ৩০ শতাংশ কমেছে।

চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের পুনঃখনন করা জোলাহার খাল এবং নওগাঁর কয়েকটি পুকুরেও পানি জমেছে। এসব জলাশয়ের পানি আশপাশের কৃষিজমিতে সেচের কাজে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমএআর পদ্ধতিতে বৃষ্টির পানি বা অতিরিক্ত ভূপৃষ্ঠস্থ পানি সংগ্রহ ও পরিশোধনের পর ভূগর্ভস্থ স্তরে পাঠানো হয়। এতে পানির প্রাপ্যতা বেশি থাকা সময়ে তা মাটির নিচে সংরক্ষণ করা যায়, যা শুষ্ক মৌসুমে ব্যবহারের সুযোগ তৈরি করে। বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে এ পদ্ধতিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

পানির পাশাপাশি অঞ্চলের সবুজ আচ্ছাদন বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় তিন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১০ লাখ ফলজ, ঔষধি ও কাঠজাতীয় গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে প্রায় ২ লাখ চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। নিম, জলপাই, অর্জুন, বেল, আমড়া, সফেদা ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির চারা দেওয়া হচ্ছে। প্রতিটি শিক্ষার্থীকে পাঁচটি করে চারা দিয়ে সেগুলোর পরিচর্যার দায়িত্ব দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, খাল-পুকুর পুনঃখনন, বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ জলস্তর পুনর্ভরণ এবং পানি সাশ্রয়ী কৃষিপদ্ধতির সমন্বিত প্রয়োগ বরেন্দ্র অঞ্চলের দীর্ঘমেয়াদি পানি সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে। তবে প্রকল্পের সুফল ধরে রাখতে পুনঃখনন করা জলাশয়ের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং পানির টেকসই ব্যবহার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সূত্র: বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-ঢাকা রুটের নতুন দুই ট্রেনের টিকিট বিক্রি শুরু, যেভাবে কিনবেন

১

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ

২

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন, যে দামে বিক্রি হচ্ছে

৩

পানি সংকট কাটাতে বরেন্দ্র অঞ্চলে সরকারের মহাপরিকল্পনা

৪

পেট্রোল বোমায় পুড়ল এমপি নুসরাতের বাড়ি, মারা গেছে আদরের তারা

৫

আজ বিশ্ব নিউমোনিয়া দিবস

৬

নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে সরকারের নতুন নির্দেশনা

৭

শীত আসার আগেই ঠোঁট ফেটে রক্ত, প্রতিকার হবে যেসব উপায়ে

৮

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

৯

এনবিআর ভেঙে দুই ভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত, জানালেন অর্থমন্ত্রী

১০

আবারও লঘুচাপের আভাস, সারা দেশেই নামতে পারে বৃষ্টি

১১

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রির উদ্যোগ সরকারের

১২

তারেক রহমানকে ট্রান্সফরমেটিভ লিডার হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১৪

নোয়াখালীতে আমনের মাঠে পানিসংকট, উৎপাদন কমার আশঙ্কা

১৫

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার এইচ২০০ চিপ কিনল চীনা বিশ্ববিদ্যালয়

১৬

ঢাবির ফল ব্যবস্থাপনায় নতুন অধ্যায়, চালু হলো রেজাল্ট অটোমেশন

১৭

হামলার পরও মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

১৮

শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে: ইউজিসি চেয়ারম্যান

১৯

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স বাড়ল, দ্বিতীয়-নবম শ্রেণির পরীক্ষা কত নম্বরে

২০