Alokito Janapad ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

আজ বিশ্ব নিউমোনিয়া দিবস

২৪

আজ ১২ নভেম্বর দেশে পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস-২০২৬। এবারের প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের এক নতুন যুগ’। আধুনিক টিকা, উন্নত রোগ নির্ণয় এবং চিকিৎসাব্যবস্থার অগ্রগতিকে কাজে লাগিয়ে নিউমোনিয়া প্রতিরোধ ও মৃত্যুহার কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে দিবসটিতে। তবে বাংলাদেশে নিউমোনিয়ার চিকিৎসা নিশ্চিত করতে এখনো রয়েছে নানা সীমাবদ্ধতা। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অক্সিজেন, প্রয়োজনীয় পরীক্ষার সরঞ্জাম এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সংকটের কারণে অনেক শিশু সময়মতো চিকিৎসা পাচ্ছে না।

চিকিৎসকদের মতে, হামের কারণে শিশুর রোগ প্রতিরোধব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। আক্রান্ত হওয়ার পর কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত শিশুর রোগ প্রতিরোধক্ষমতা কম থাকতে পারে। এ সময় ব্যাকটেরিয়া ও ভাইরাস সহজেই শরীরে সংক্রমণ ঘটাতে পারে। বিশেষ করে শ্বাসতন্ত্রের সংক্রমণ থেকে নিউমোনিয়া দেখা দিতে পারে। হামের ভাইরাস নিজেও ফুসফুসে সংক্রমণ ঘটাতে সক্ষম।

মাতুয়াইল মাতৃ ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের একাডেমিক ডিরেক্টর ও শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণে ফুসফুসে প্রদাহ সৃষ্টি হলে তাকে নিউমোনিয়া বলা হয়। হাম হলেই যে নিউমোনিয়া হবে, তা নয়। তবে হাম শিশুর রোগ প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয়। ফলে পরবর্তী সময়ে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ঝুঁকি বাড়ে। হামের পর নিউমোনিয়া হলে শিশুর অবস্থা দ্রুত সংকটাপন্ন হতে পারে।

তাঁর ভাষ্য অনুযায়ী, ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ায় সাধারণত বেশি জ্বর ও ঘন কফযুক্ত কাশি থাকে। অন্যদিকে ভাইরাসজনিত নিউমোনিয়ায় জ্বরের সঙ্গে সর্দি-কাশি দেখা দিতে পারে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান বলেন, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। হাম-পরবর্তী নিউমোনিয়ায় গুরুতর জটিলতা দেখা দিতে পারে। ডায়রিয়াসহ অন্যান্য সমস্যাও শিশুর মৃত্যুঝুঁকি বাড়ায়। হাম আক্রান্ত শিশুদের বয়স অনুযায়ী ভিটামিন ‘এ’ দেওয়া জরুরি। এটি চোখের ক্ষতি প্রতিরোধের পাশাপাশি রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে।

নিউমোনিয়া প্রতিরোধ ও চিকিৎসার সুযোগ থাকলেও দেশের সব শিশু সেই সুযোগ পাচ্ছে না। বাংলাদেশ হেলথ ফ্যাসিলিটির তথ্য অনুযায়ী, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ৫২ শতাংশ চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে। প্রায় অর্ধেক স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন কনসেনট্রেটর নেই। এক-তৃতীয়াংশ স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সরবরাহের বিকল্প ব্যবস্থাও নেই।

নিউমোনিয়ায় মৃত্যুর অন্যতম কারণ রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে হাইপক্সেমিয়া বলা হয়। এটি দ্রুত শনাক্ত করা জরুরি। কিন্তু উপজেলা পর্যায়ের অনেক হাসপাতালে পর্যাপ্ত পালস অক্সিমিটার ও অক্সিজেনের ব্যবস্থা নেই।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ খালেদ বিন ঈসমাইল বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে নিউমোনিয়ায় আক্রান্ত অনেক শিশুকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় আনা হয়। উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে বিভাগীয় হাসপাতালে স্থানান্তর করতেই অনেক সময় চলে যায়। জ্বর, সর্দি ও কাশি হলে অনেক অভিভাবক প্রথমে ফার্মেসি বা পল্লিচিকিৎসকের কাছে যান। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। ততক্ষণে শিশুর শরীরে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমে যেতে পারে। উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসা ও অক্সিজেন নিশ্চিত করা গেলে অনেক মৃত্যু ঠেকানো সম্ভব।

শীত মৌসুমে নিউমোনিয়ার প্রকোপ বাড়ে। এ সময় শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে থাকেন। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের আবাসিক সার্জন ডা. ফকির ওয়ালিদ শাহ বলেন, ব্যাকটেরিয়া, ভাইরাস, যক্ষ্মা ও ছত্রাকের কারণে নিউমোনিয়া হতে পারে। শীতকালে হাসপাতালে রোগীর চাপ বেড়ে যায়। এ সময় বহির্বিভাগে প্রতিদিন শতাধিক নিউমোনিয়া রোগী আসেন। অন্য ঋতুতে এ সংখ্যা থাকে ৪০ থেকে ৫০। প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন রোগী ভর্তি হন।

হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া বলেন, প্রতিদিন বহির্বিভাগে গড়ে এক হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে ৫০ জনের বেশি নিউমোনিয়ায় আক্রান্ত থাকেন। রোগটি গুরুতর হলে সেপসিস হতে পারে। পরবর্তী সময়ে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা এআরডিএস দেখা দিতে পারে। এতে রোগীর জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, পাঁচ বছরের কম বয়সী শিশুরা নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হয়। অপুষ্টি, বায়ুদূষণ, ঘনবসতি ও দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা এ ঝুঁকি বাড়ায়। রান্নার ধোঁয়া ও ঘরের ভেতরের বায়ুদূষণও শিশুদের শ্বাসতন্ত্রের ক্ষতি করে।

শিশুর জ্বর, কাশি ও সর্দির সঙ্গে দ্রুত শ্বাস নেওয়া নিউমোনিয়ার লক্ষণ হতে পারে। শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ভেতরে দেবে যাওয়া, অস্বাভাবিক নিস্তেজ হয়ে পড়া কিংবা ঠোঁট ও আঙুল নীলচে হয়ে যাওয়া বিপজ্জনক লক্ষণ। পালস অক্সিমিটারে অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের নিচে থাকলেও দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন। শিশুর শ্বাসকষ্ট বা অন্য কোনো বিপজ্জনক লক্ষণ দেখা দিলে অক্সিজেনের মাত্রা মাপার অপেক্ষা না করে চিকিৎসা নিতে হবে।

নিউমোনিয়া প্রতিরোধে সময়মতো টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় নিউমোকোক্কাল কনজুগেট ভ্যাকসিন (পিসিভি), হিব, হাম ও পার্টুসিসের টিকা শিশুদের সুরক্ষা দেয়। হামের টিকা নির্ধারিত সময়সূচি অনুযায়ী দুই ডোজ দেওয়া জরুরি। পাশাপাশি জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। এতে শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে এবং নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমে।

বিশ্ব নিউমোনিয়া দিবসে বিশেষজ্ঞদের আহ্বান—শিশুদের নিয়মিত টিকাদান, পুষ্টি নিশ্চিত করা, ঘরের ভেতরের বায়ুদূষণ কমানো এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার বিষয়ে পরিবারকে সচেতন হতে হবে। একই সঙ্গে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অক্সিজেন, পালস অক্সিমিটার ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা বাড়ানো জরুরি। কারণ সময়মতো রোগ শনাক্ত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা গেলে নিউমোনিয়ায় শিশুমৃত্যুর বড় অংশই প্রতিরোধ করা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেট্রোল বোমায় পুড়ল এমপি নুসরাতের বাড়ি, মারা গেছে আদরের তারা

১

আজ বিশ্ব নিউমোনিয়া দিবস

২

নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে সরকারের নতুন নির্দেশনা

৩

শীত আসার আগেই ঠোঁট ফেটে রক্ত, প্রতিকার হবে যেসব উপায়ে

৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

৫

এনবিআর ভেঙে দুই ভাগ করার সিদ্ধান্ত চূড়ান্ত, জানালেন অর্থমন্ত্রী

৬

আবারও লঘুচাপের আভাস, সারা দেশেই নামতে পারে বৃষ্টি

৭

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রির উদ্যোগ সরকারের

৮

তারেক রহমানকে ট্রান্সফরমেটিভ লিডার হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৯

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১০

নোয়াখালীতে আমনের মাঠে পানিসংকট, উৎপাদন কমার আশঙ্কা

১১

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার এইচ২০০ চিপ কিনল চীনা বিশ্ববিদ্যালয়

১২

ঢাবির ফল ব্যবস্থাপনায় নতুন অধ্যায়, চালু হলো রেজাল্ট অটোমেশন

১৩

হামলার পরও মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

১৪

শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে: ইউজিসি চেয়ারম্যান

১৫

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স বাড়ল, দ্বিতীয়-নবম শ্রেণির পরীক্ষা কত নম্বরে

১৬

টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের অভিযান, শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা

১৭

টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের অভিযান, শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা

১৮

তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তুলনামূলকভাবে নিরাপদ থাকতে পারে যে ৫ দেশ

১৯

নেতানিয়াহুর মতো চেহারা, তেহরানে দোকান বয়কটের মুখে ইরানি ব্যবসায়ী

২০