বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বাদ আসর রংপুর শহরের শাহী মসজিদ সংলগ্ন স্টেশন রোডে সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সাংবাদিক সদস্যরা মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর আনোয়ার আলী মিঠু। দোয়া পরিচালনা করেন সাধারণ সম্পাদক বাবলুর রহমান বারী। দোয়া মাহফিলে সংগঠনের অগ্রগতি, সদস্যদের পারস্পরিক ঐক্য এবং দেশের গণমাধ্যমের কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, সহ-সভাপতি রেখা মনি ও ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পরাগ, কোষাধ্যক্ষ সেলিম মাহমুদ, দফতর সম্পাদক উমর ফারুখ, সাহিত্য সম্পাদক রিয়াজুল হক সাগর, ক্রীড়া সম্পাদক সানোয়ারুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য সাজ্জাদ বীন সৌরভসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে হবে। পাশাপাশি মফস্বল সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং তথ্যভিত্তিক সাংবাদিকতার চর্চা বাড়াতে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দাবানল পত্রিকার চিফ রিপোর্টার আহসান হাবিব মিলন সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত প্রতিষ্ঠানে রূপান্তর করার বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি সদস্যদের মধ্যে ঐক্য বজায় রাখা, নিয়মিত সভা-সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন এবং সামাজিক কার্যক্রম বৃদ্ধি করার আহ্বান জানান।
পরে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন