মাদারীপুরের রাজৈর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্ত্রীর বাঁশের লাঠির আঘাতে তারামিয়া শেখ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর নাগরদি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী খোদেজা বেগমকে গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর নাগরদি গ্রামের অটোরিকশাচালক তারামিয়া শেখ ও তার স্ত্রী খোদেজা বেগমের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় স্বামী তারামিয়া তার স্ত্রীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এর প্রতিবাদে স্ত্রী খোদেজাও বাঁশের লাঠি দিয়ে স্বামীকে আঘাত করেন। এতে তারামিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তারামিয়া শেখ একই গ্রামের মৃত আয়নাল শেখের ছেলে।
নিহতের মা মনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলের বউ বাঁশ দিয়ে পিটিয়ে আমার ছেলেকে মেরে ফেলেছে। রাস্তায় ফেলে পিটিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।”
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্বামী স্ত্রীকে আঘাত করেন। পরে স্ত্রীও বাঁশের লাঠি দিয়ে স্বামীকে আঘাত করেন। এর পরই স্বামীর মৃত্যু হয়। এ ঘটনায় স্ত্রী খোদেজা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন