Alokito Janapad ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

স্ত্রীর সম্পর্কের বিতর্কের মধ্যেই সামনে এলো ৯০০ কোটি ডলারের ব্যবসা

৪২

এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনার মধ্যে সামনে এসেছে তাঁর স্বামী কাং ওয়েইয়ের বিশাল ডেটা সেন্টার ব্যবসার তথ্য। চীনের সরকারি সহায়তায় দেশটির বিভিন্ন অঞ্চলে ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন কাং। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তাঁর সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ৯০০ কোটি ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১০ হাজার কোটি টাকা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) এসব তথ্য প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। চীনের সরকারি নথি, শেয়ারবাজারে জমা দেওয়া তথ্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের নথি পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কাং ওয়েইয়ের ডেটা সেন্টার ব্যবসার অন্যতম ভিত্তি সাংহাইভিত্তিক প্রতিষ্ঠান সেঞ্চুরি লংটেং। ২০২১ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটির মাধ্যমে এই ব্যবসার সম্প্রসারণ শুরু হয়। প্রতিষ্ঠানটির মালিকানায় সাংহাইয়ের একটি সরকারি সংস্থার ১০ শতাংশ এবং কাংয়ের ব্যবসায়িক উদ্যোগ হেক্সি ক্যাপিটাল-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের ২৭ শতাংশ অংশীদারত্ব ছিল। বাকি ৬৩ শতাংশের মালিক ছিল সেঞ্চুরি হুয়াটং।

২০২২ সালের শুরুতে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে অংশীদারত্বের চুক্তি করে সেঞ্চুরি লংটেং। এর আওতায় ক্লাউড ডেটা সেন্টার, জ্বালানি অবকাঠামো ও কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। পরে চীনের বিভিন্ন অঞ্চলে বড় আকারের ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।

এর মধ্যে উহু শহরে ৪৫০ কোটি ডলারের একটি প্রকল্প ছিল উল্লেখযোগ্য। প্রায় ৪১ লাখ বর্গফুট এলাকাজুড়ে আটটি ভবন নির্মাণ এবং ২৪ হাজার সার্ভার র্যাক স্থাপনের পরিকল্পনা ছিল এতে। প্রকল্পটির জন্য চীনা সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হয়। ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত প্রকল্পটির অন্তত একটি ভবনের নির্মাণকাজ শেষ হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালে সিচুয়ান প্রদেশের লিয়াংশানে প্রায় ৫০০ কোটি ডলারের আরেকটি ডেটা সেন্টার প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। শেনজেনেও সেঞ্চুরি লংটেং-সংশ্লিষ্ট একটি প্রকল্পের তথ্য পাওয়া গেছে। তবে এসব প্রকল্পের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণকে কাংয়ের ব্যক্তিগত সম্পদ বা সম্পূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচনার সুযোগ নেই।

অন্যদিকে, কাংয়ের স্ত্রী অ্যালিস হুয়াং এনভিডিয়ার উন্নত কম্পিউটিং চিপ সংগ্রহের প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। তিনি সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে এনভিডিয়ার উন্নত চিপের সরবরাহ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করেন তিনি।

ওই বছরের নভেম্বরের মধ্যে মেগাস্পিড এনভিডিয়াকে জানায়, চীনের বৃহৎ অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান আলিবাবা তাদের প্রধান গ্রাহক হবে। এরপর মেগাস্পিড এনভিডিয়ার ক্লাউড পার্টনারের স্বীকৃতি পায়। এর ফলে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার চিপ সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার সুবিধা পায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মেগাস্পিডের সংগ্রহ করা এনভিডিয়ার কিছু চিপ পরে চীনে পাঠানো হয়েছিল। তবে এসব চিপ কাংয়ের ডেটা সেন্টারগুলোতে পৌঁছেছিল কি না, তার নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে, চীনা সরকার মেগাস্পিডকে চিপ সংগ্রহের নির্দেশ দিয়েছিল—এমন তথ্যও নেই।

২০২৪ সালের শেষ দিক থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত কাং ও অ্যালিস যৌথভাবে সাংহাই ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়েকটি ডেটা সেন্টার প্রকল্পের জন্য বিনিয়োগকারীদের কাছে প্রস্তাব দেন। এসব প্রকল্পে তিন বছরে বিনিয়োগের অর্থ তিন গুণ করার সম্ভাবনার কথাও তাঁরা তুলে ধরেছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে মেগাস্পিডের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে তদন্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিচার বিভাগ ১৬ নভেম্বর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানায়, সম্ভাব্য রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘনের অভিযোগে ২০২৪ সালে প্রতিষ্ঠানটির বিষয়ে তদন্ত শুরু হয়। ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সিঙ্গাপুরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে সরেজমিন পরিদর্শন করেন এবং অ্যালিস হুয়াংয়ের সঙ্গে কথা বলেন। পরে ফৌজদারি তদন্তের দায়িত্ব নেয় দেশটির বিচার বিভাগ।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত চলমান। তবে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক কিংবা চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নিয়ে সিঙ্গাপুর সরকার কোনো তদন্ত করেনি বলে ৩১ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে।

অন্যদিকে, শেয়ারবাজারে কারসাজির সন্দেহে চলতি বছরের শুরুর দিকে সাংহাইয়ে আটক হয়েছিলেন কাং ওয়েই। পরে তাঁকে মুক্তি দেওয়া হয়। সব মিলিয়ে কাং ও অ্যালিসের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং এনভিডিয়ার চিপ সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতার প্রেক্ষাপটে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে ১৪ প্রদেশের আলোচনা, কী থাকছে পরিকল্পনায়

১

মাভাবিপ্রবিতে শেখ মুজিবের ম্যুরালের স্থানে ভাসানীর প্রতিকৃতি

২

‘চীনে দেখা হবে’, ফিলিপাইন ছাড়লেন ট্রাম্প

৩

স্ত্রীর সম্পর্কের বিতর্কের মধ্যেই সামনে এলো ৯০০ কোটি ডলারের ব্যবসা

৪

গঙ্গা চুক্তি নয়, ঢাকায় বৈঠকে আসছে ভারতের প্রতিনিধি দল

৫

বয়স্ক বাবা-মায়ের জন্য কোন সিমটি সবচেয়ে সুবিধাজনক?

৬

গ্রামীণ এলাকার মানুষের জন্য কোন অপারেটরের সিম ব্যবহার করা ভালো?

৭

উইকেটের পেছনে অবিশ্বাস্য কীর্তি, বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস

৮

দেশজুড়ে নির্মাণ হবে ২৫৬টি নতুন সেতু, ব্যয় যা ধরা হয়েছে

৯

ইমাম-মুয়াজ্জিনদের বেতনের নামে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

১০

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই পদে নিয়োগ দেবে সরকার

১১

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত আকভান, দেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

১২

এসএসসি পাসেই ওয়ালটনে চাকরি, আবেদন করতে পারবেন নারীরা

১৩

মোবাইল অপারেটরদের ওপর নতুন শর্ত আরোপ করছে সরকার

১৪

৪৫৮৮টি ইউনিয়ন পরিষদে ৯১৩ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দিল সরকার

১৫

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ

১৬

মদিনা গ্রুপে চাকরি, আবেদন করতে পারবেন ২০ বছর হলেই

১৭

আবাসিক হোটেলে মিলল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা

১৮

গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

১৯

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি

২০