
দিনাজপুরের খানসামা উপজেলার ৩নং আঙ্গারপাড়া ও ৪নং খামারপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া। তিনি তাঁর বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, আত্মসংযম ও সহমর্মিতার মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।
ইফতার ও দোয়া মাহফিলে খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল হক চৌধুরী (বিএসসি), দিনাজপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য করুন