নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে অশালীন কথাবার্তা ও ইভটিজিংয়ের অভিযোগে এক অটোরিকশাচালককে শনাক্ত করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে শনাক্তের পর জিজ্ঞাসাবাদ করেন। এ সময় অভিযুক্ত চালক নিজের আচরণকে ভুল স্বীকার করে ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে ক্ষমা চান।
নোবিপ্রবি শাখা ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম হাসানের নেতৃত্বে ঘটনার দিন থেকেই অভিযুক্ত চালককে শনাক্তের চেষ্টা শুরু হয়। এ কাজে চৌমুহনীর স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
জাহিদুল ইসলাম হাসানের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের এক নারী শিক্ষার্থী সেনবাগ থেকে ক্যাম্পাসে আসার পথে অটোরিকশাচালকের অশালীন মন্তব্য ও ইভটিজিংয়ের শিকার হন। পরে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে বিষয়টি জানালে তা ছাত্রদলের কর্মীদের নজরে আসে। এরপর অভিযুক্ত চালককে শনাক্তের চেষ্টা চালানো হয়।
ভিডিওতে অভিযুক্ত ব্যক্তি নিজের নাম মোরশেদ আলম বলে পরিচয় দেন। তাঁকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে নিজের আচরণকে ভুল বলে স্বীকার করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলেও জানান। একপর্যায়ে তাঁকে ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে ক্ষমা চাইতে বলা হলে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
ভিডিও বার্তায় জাহিদুল ইসলাম হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করতে তাঁরা কাজ শুরু করেন। স্থানীয় বিএনপি, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় তাঁকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর আচরণ করা হয়নি। প্রচলিত আইন অনুযায়ী তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইন অনুযায়ী নেওয়া হবে।
জাহিদুল ইসলাম হাসান বলেন, ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীর সঙ্গে অন্যায় হলে ছাত্রদল তার বিরুদ্ধে অবস্থান নেবে। অন্যায়কারীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তে সহযোগিতার জন্য বিএনপি ও ছাত্রদলের সংশ্লিষ্ট নেতাকর্মীদের ধন্যবাদও জানান তিনি।
মন্তব্য করুন