Alokito Janapad ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

টয়লেট পরিষ্কারের কাজ থেকে এনভিডিয়ার শীর্ষে, বিদায় জেনসেন হুয়াংয়ের

১৯

শৈশবে যুক্তরাষ্ট্রের একটি আবাসিক বিদ্যালয়ে শৌচাগার পরিষ্কারের কাজ করতে হয়েছে তাঁকে। কিশোর বয়সে রেস্তোরাঁয় করেছেন ওয়েটারের চাকরি। অথচ সেই মানুষটিই একসময় বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হয়ে উঠেছিলেন। দীর্ঘ ৩৩ বছর ধরে এনভিডিয়ার নেতৃত্ব দেওয়া জেনসেন হুয়াং শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদের পদ ছেড়েছেন। তাঁর বিদায়ের মধ্য দিয়ে প্রযুক্তি জগতের এক আলোচিত অধ্যায়ের সমাপ্তি ঘটল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংয়ের পদত্যাগ গ্রহণের ঘোষণা দেয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থায়ী উত্তরসূরি খুঁজতে প্রক্রিয়া শুরু করেছে পরিচালনা পর্ষদ। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা এসইসিতে জমা দেওয়া নথিতেও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হুয়াংয়ের বিদায়ের পেছনে সাম্প্রতিক ব্যক্তিগত সম্পর্ক ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিতর্ক বড় ভূমিকা রেখেছে বলে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস হুয়াং ওরফে হুয়াং লে নামের এক চীনা ব্যবসায়ী বেইজিংয়ের হয়ে তথ্য সংগ্রহ করতেন। তাঁর সঙ্গে হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের খবর প্রকাশের পর বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি রপ্তানি ও নিরাপত্তা নীতির আলোচনায় আসে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গুপ্তচরবৃত্তির অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

তাইপে থেকে যুক্তরাষ্ট্রে হুয়াংয়ের শৈশব

১৯৬৩ সালে তাইওয়ানের তাইপেতে জন্মগ্রহণ করেন জেন-সুন হুয়াং। শৈশবের কিছু সময় থাইল্যান্ডে কাটানোর পর পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে উচ্চারণের সুবিধার্থে নিজের নাম পরিবর্তন করে রাখেন জেনসেন।

ছোটবেলায় এক চাচার পরামর্শে তাঁর মা-বাবা দুই ভাইকে যুক্তরাষ্ট্রের কেন্টাকির একটি আবাসিক বিদ্যালয়ে পাঠান। তাঁরা ভেবেছিলেন, এটি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু সেখানে গিয়ে দুই ভাই বুঝতে পারেন, বিদ্যালয়টি মূলত সমস্যাগ্রস্ত কিশোরদের সংশোধনকেন্দ্রের মতো।

বয়স কম হওয়ায় হুয়াংকে ওই প্রতিষ্ঠানে থাকার পাশাপাশি পাশের একটি সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করতে হতো। ইংরেজিতে দুর্বল হওয়ায় সহপাঠীদের কাছ থেকে তাঁকে নিয়মিত নিগ্রহের শিকার হতে হয়েছে। এমনকি শৌচাগার পরিষ্কারের কাজও করতে হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সেই সময়ের কঠোর পরিশ্রম ও পড়াশোনার অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন।

পরবর্তী সময়ে তাঁর মা-বাবা ওরেগনে স্থায়ী হলে হুয়াংকে বাড়িতে ফিরিয়ে আনেন। কিশোর বয়সে তিনি ডেনিস রেস্তোরাঁয় খাবার পরিবেশকের কাজ করতেন। পোর্টল্যান্ডের কাছে বিদ্যালয়ে পড়ার সময় কম্পিউটার ক্লাবে যুক্ত হন। পরে ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সেখানেই পরিচয় হয় তাঁর ভবিষ্যৎ স্ত্রী লরির সঙ্গে।

পড়াশোনা শেষ করে হুয়াং চিপ নির্মাতা প্রতিষ্ঠান এএমডি এবং পরে এলএসআই লজিকে কাজ শুরু করেন। চিপ নকশা ও প্রযুক্তি নিয়ে কাজের অভিজ্ঞতাই পরবর্তী সময়ে তাঁকে নিজস্ব প্রতিষ্ঠান গড়ার পথে এগিয়ে দেয়।

রেস্তোরাঁর টেবিল থেকে এনভিডিয়ার যাত্রা

১৯৯৩ সালে সিলিকন ভ্যালির একটি ডেনিস রেস্তোরাঁয় বসে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন হুয়াং। শুরুতে তাঁদের মূল লক্ষ্য ছিল এমন শক্তিশালী চিপ তৈরি করা, যা সাধারণ কম্পিউটারের পক্ষে কঠিন ত্রিমাত্রিক গ্রাফিকসের কাজ করতে পারবে।

এই প্রযুক্তির নাম দেওয়া হয় জিপিইউ বা গ্রাফিকস প্রসেসিং ইউনিট। ১৯৯৯ সালে এনভিডিয়া প্রথম জিপিইউ বাজারে আনে। শুরুতে ভিডিও গেমের গ্রাফিকস উন্নত করাই ছিল এর প্রধান ব্যবহার। কিন্তু সময়ের সঙ্গে এই প্রযুক্তির গুরুত্ব বহুগুণ বেড়ে যায়।

পরবর্তী সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার জটিল হিসাব-নিকাশ ও বিপুল তথ্য প্রক্রিয়াকরণে জিপিইউ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চ্যাটজিপিটি ও ক্লডের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি তৈরিতেও এ ধরনের চিপ ব্যবহৃত হচ্ছে। ফলে এনভিডিয়ার চিপের চাহিদা বিশ্বজুড়ে দ্রুত বাড়তে থাকে।

এনভিডিয়ার ব্যবসা শুধু চিপ বিক্রির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো গড়ে তুলতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব, বিনিয়োগ ও অর্থায়নের ক্ষেত্রেও যুক্ত হয়েছে তারা। এতে প্রতিষ্ঠানটির ব্যবসার পরিধি যেমন বেড়েছে, তেমনি তৈরি হয়েছে জটিল আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক।

চামড়ার জ্যাকেটেই পরিচিতি

একসময় প্রযুক্তি শিল্পের বাইরের মানুষের কাছে খুব বেশি পরিচিত ছিলেন না হুয়াং। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানের সঙ্গে সঙ্গে তাঁর পরিচিতিও বাড়তে থাকে। কালো টি-শার্ট ও চামড়ার জ্যাকেট হয়ে ওঠে তাঁর স্বাক্ষরধর্মী পোশাক। এনভিডিয়ার লোগোর ট্যাটুও রয়েছে তাঁর বাহুতে।

ফোর্বসের হিসাব অনুযায়ী, এনভিডিয়ায় তাঁর উল্লেখযোগ্য শেয়ার থাকার কারণে ব্যক্তিগত সম্পদের পরিমাণ একপর্যায়ে প্রায় ১৬০ বিলিয়ন ডলারে পৌঁছায়। তাইওয়ানে তাঁকে ঘিরে তৈরি হয় তারকাসুলভ জনপ্রিয়তা। অটোগ্রাফ ও ছবি তুলতে ভক্তরা তাঁর কাছে ভিড় করতেন।

তবে প্রতিষ্ঠানের ভেতরে হুয়াংয়ের নেতৃত্বের ধরন নিয়ে ভিন্ন অভিজ্ঞতার কথাও জানিয়েছেন সাবেক কর্মীরা। একজন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, তিনি অত্যন্ত উদ্যমী হলেও একই সঙ্গে জটিল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। কর্মীদের কাছ থেকে কঠোর পরিশ্রম ও উচ্চমানের কাজ প্রত্যাশা করতেন তিনি। ভুল হলে কঠোর সমালোচনাও করতেন।

চীনে চিপ রপ্তানি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েন

২০২২ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চীনের সামরিক সক্ষমতা বাড়াতে পারে—এমন উন্নত প্রযুক্তির চিপ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে। এ সিদ্ধান্তের সমালোচনা করে হুয়াং সতর্ক করেছিলেন, অতিরিক্ত নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর শিল্পের ক্ষতি করতে পারে।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হুয়াংয়ের সঙ্গে হোয়াইট হাউসের যোগাযোগ আরও বাড়ে। ফ্লোরিডার মার-এ-লাগো এবং হোয়াইট হাউসে গিয়ে তিনি ট্রাম্পের অর্থনৈতিক নীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তাবান্ধব অবস্থানের প্রশংসা করেন। চিপ রপ্তানির বিধিনিষেধ শিথিল করার পক্ষেও অবস্থান নেন তিনি।

২০২৫ সালের ডিসেম্বরে এনভিডিয়ার উন্নত এইচ২০০ চিপ চীনে বিক্রির অনুমতি দেওয়ার ঘোষণা আসে। তবে এর সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারকে বিক্রির একটি অংশ দেওয়ার শর্ত যুক্ত করা হয়। বিষয়টি হুয়াংয়ের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হলেও চীনবিরোধী অবস্থানে থাকা মার্কিন রাজনীতিবিদদের মধ্যে উদ্বেগ বাড়ায়।

তাঁদের আশঙ্কা ছিল, উন্নত চিপ চীনের হাতে গেলে দেশটির সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়তে পারে। ফলে এনভিডিয়ার রপ্তানি নীতি নিয়ে মার্কিন প্রশাসন ও আইনপ্রণেতাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়।

অ্যালিস হুয়াংকে ঘিরে বিতর্ক

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, অ্যালিস হুয়াং নামের এক চীনা ব্যবসায়ীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক ছিল। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক তথ্যকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান মেগাস্পিডে কাজ করতেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এনভিডিয়ার উন্নত চিপ চীনা প্রতিষ্ঠানের কাছে পাচারের অভিযোগ নিয়ে মার্কিন কর্তৃপক্ষ তদন্ত করছিল।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস হুয়াং চীনের হয়ে তথ্য সংগ্রহ করতেন। তবে এই অভিযোগের স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য প্রকাশ্যে আসেনি। চীনও অভিযোগটি প্রত্যাখ্যান করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নজরে আসে অ্যালিসের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি। পরে ২০২৬ সালের মে মাসে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ট্রাম্পের বেইজিং সফরের আগে হুয়াংকে নিয়ে সতর্ক করা হয় প্রেসিডেন্টকে।

গত ২৯ অক্টোবর নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে অ্যালিস হুয়াংকে ঘিরে সন্দেহ ও জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ৮ নভেম্বর এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে নিজের ব্যক্তিগত আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন হুয়াং। তবে ওই চিঠিতে সংশ্লিষ্ট নারীর নাম উল্লেখ করেননি তিনি।

এরপর ৯ নভেম্বর ট্রাম্প সাংবাদিকদের বলেন, হুয়াংয়ের সঙ্গে সম্পর্কিত অভিযোগের বিষয়ে তিনি আগে অবগত ছিলেন না। হুয়াং তাঁকে জানিয়েছেন, ওই নারী গুপ্তচর বলে তিনি জানতেন না। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে।

১১ নভেম্বর নিউইয়র্ক টাইমসের আরেক প্রতিবেদনে হুয়াংয়ের অধীনস্থ এক নারী কর্মকর্তার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের অভিযোগও প্রকাশিত হয়। তবে এ বিষয়ে হুয়াং বা এনভিডিয়া বিস্তারিত মন্তব্য করেনি। মেগাস্পিড জানিয়েছে, তারা মার্কিন সরকারের তদন্তে সহযোগিতা করবে।

৩৩ বছরের অধ্যায়ের সমাপ্তি

বিতর্কের মধ্যে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত ১১ নভেম্বর পরিচালনা পর্ষদ তাঁর পদত্যাগ গ্রহণ করে। পরদিন প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, তিনি প্রধান নির্বাহী, প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্য—সব পদ থেকেই সরে দাঁড়িয়েছেন।

এনভিডিয়ার প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী করা হয়েছে। ২০১৩ সাল থেকে প্রতিষ্ঠানটির অর্থ বিভাগের দায়িত্বে থাকা ক্রেস নতুন স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগ না হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হয়েছেন হার্ভি সি জোন্স।

এনভিডিয়া আনুষ্ঠানিকভাবে হুয়াংয়ের পদত্যাগের নির্দিষ্ট কারণ জানায়নি। তবে তাঁর ব্যক্তিগত সম্পর্ক, সম্ভাব্য গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং চীনে চিপ রপ্তানি নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রতিষ্ঠানটির ওপর চাপ বাড়িয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

একটি রেস্তোরাঁর টেবিলে দুই বন্ধুকে নিয়ে শুরু করা প্রতিষ্ঠানকে বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন হুয়াং। তাঁর বিদায়ের পর এনভিডিয়া কীভাবে নেতৃত্ব ও ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখে, এখন সেটিই প্রযুক্তি শিল্পের অন্যতম আলোচিত প্রশ্ন।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টয়লেট পরিষ্কারের কাজ থেকে এনভিডিয়ার শীর্ষে, বিদায় জেনসেন হুয়াংয়ের

১

বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালিয়ে পাল্টা জবাব দিল ইরান

২

এনভিডিয়া বিতর্কে চাপে হাওয়ার্ড লুটনিক, পদ হারানোর শঙ্কা

৩

কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’

৪

ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প

৫

গাজায় নির্বিঘ্নে ত্রাণ প্রবেশের আহ্বান ৫৩ দেশ ও সংস্থার

৬

নিলামে প্রায় ৫ মিলিয়ন ডলারে বিক্রি রুশ রাজপরিবারের ব্রেসলেট

৭

হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫

৮

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৭৪ জন নিহতের দাবি সেনাবাহিনীর

৯

ইয়েমেনে সংঘাতে আগস্ট থেকে বাস্তুচ্যুত ৩ লাখ ৩৩ হাজার মানুষ

১০

৭০০০ এমএএইচ ব্যাটারির নতুন ফোন হেলিও ১৫০, দাম কত?

১১

অভিষেকেই আগুন ঝরালেন অস্ট্রেলিয়ার তরুণ পেসার, নাস্তানাবুদ ইংল্যান্ড

১২

কালশির উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

১৩

সৌদির নিরাপত্তায় প্রয়োজনে সব প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে পাকিস্তান

১৪

বেসরকারি চাকরিজীবীদের মাসে কত টাকা বেতন হলে আয়কর রিটার্ন দিতে হবে?

১৫

শীতের আগাম সবজিতে স্বস্তি, কমেছে মুরগি ও ডিমের দামও

১৬

পাঁচ ঘণ্টার বেশি অচল মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে লাখো মানুষ

১৭

শুক্রবারে রিজিক বৃদ্ধির জন্য কোন দোয়া পড়বেন?

১৮

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, বকেয়া নিয়ে নতুন নির্দেশনা

১৯

এমবাপ্পের শূন্যতা, ইতালির সামনে ফ্রান্সের ব্যর্থতা

২০