ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর রাজনৈতিক প্রচেষ্টা জোরালো হওয়ার মধ্যেই আলোচনায় এসেছে তাঁর সরকারের দুই কট্টর ডানপন্থি নেতা—অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। বিশ্লেষকদের আশঙ্কা, নেতানিয়াহু ক্ষমতা হারালেও এই দুই নেতার আমলে প্রশাসনে গড়ে ওঠা নীতিগত ও কাঠামোগত পরিবর্তন সহজে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না।
সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বে নতুন সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হলে এর বিরোধিতা করেন স্মোট্রিচ ও বেন-গভির। বেন-গভির প্রকাশ্যে নেতানিয়াহুকে আইজেনকোট অথবা তাঁকে বেছে নেওয়ার কথা বলেছেন। অন্যদিকে, স্মোট্রিচ তাঁর অতি-রক্ষণশীল রাজনৈতিক মিত্রদের সতর্ক করে বলেছেন, আইজেনকোটের সঙ্গে সমঝোতা করলে পরে তাঁদের রাজনৈতিকভাবে ছুড়ে ফেলা হবে।
২০২২ সালে কট্টর ডানপন্থি দলগুলোর সঙ্গে জোট গঠন করে সরকার পরিচালনা শুরু করেন নেতানিয়াহু। ওই জোটের অংশ হিসেবে স্মোট্রিচ অর্থমন্ত্রীর দায়িত্ব পান। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পশ্চিম তীরের বেসামরিক প্রশাসনের গুরুত্বপূর্ণ ক্ষমতাও তাঁর হাতে যায়। বেন-গভির দায়িত্ব পান জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের।
গত তিন বছরে নিজেদের রাজনৈতিক আদর্শ অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন এনেছেন এই দুই নেতা। গাজায় সামরিক অভিযান, মানবিক সহায়তা প্রবেশ এবং ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহু সরকারের নীতিতে তাঁদের প্রভাব ছিল উল্লেখযোগ্য। গাজা দখল, বসতি স্থাপন এবং ফিলিস্তিনিদের সেখান থেকে সরিয়ে দেওয়ার পক্ষে প্রকাশ্য বক্তব্যও দিয়েছেন তাঁরা।
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতার বিষয়েও স্মোট্রিচের ভূমিকা নিয়ে সমালোচনা রয়েছে। ২০২৫ সালের জুনে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসসহ কয়েকটি পশ্চিমা দেশ স্মোট্রিচ ও বেন-গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। এর মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের ব্যবস্থাও ছিল।
বিশ্লেষক আরি পার্লিগারের মতে, সরকার থেকে বাদ পড়লে স্মোট্রিচ ও বেন-গভিরের রাজনৈতিক অবস্থানে ভিন্ন প্রভাব পড়তে পারে। তাঁর বিশ্লেষণে, বেন-গভিরের রাজনৈতিক শক্তির বড় অংশ নির্ভর করে জনসমক্ষে দেওয়া বক্তব্য ও জনপ্রিয়তাভিত্তিক রাজনীতির ওপর। ফলে বিরোধী দলে থাকলেও তিনি রাজনৈতিকভাবে সুবিধা পেতে পারেন।
অন্যদিকে, স্মোট্রিচের প্রভাব অনেকটাই সরকারি পদ, বাজেট ও প্রশাসনিক ক্ষমতার ওপর নির্ভরশীল। অর্থমন্ত্রীর দায়িত্ব এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পাওয়া ক্ষমতা ব্যবহার করে তিনি পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের জন্য পৃথক প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছেন। ফলে সরকার থেকে বাদ পড়লে তাঁর ক্ষমতা ও প্রভাব কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তবে দুই মন্ত্রী ক্ষমতা হারালেও তাঁদের নেওয়া সিদ্ধান্ত ও প্রশাসনিক পরিবর্তনের প্রভাব দীর্ঘদিন থেকে যেতে পারে। বেন-গভিরের বিরুদ্ধে পুলিশ বাহিনীতে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ফিলিস্তিনি বন্দিদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের অভিযোগ রয়েছে। অন্যদিকে, স্মোট্রিচের নেওয়া পদক্ষেপে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের প্রশাসনিক ভিত্তি আরও শক্ত হয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রশাসনে নিয়োগ দেওয়া কর্মকর্তা, পরিবর্তিত নিয়ম এবং মাঠপর্যায়ে তৈরি হওয়া বাস্তবতা বদলাতে পরবর্তী সরকারের দীর্ঘমেয়াদি রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন হবে। কিন্তু নতুন সরকার এমন উদ্যোগ নিতে কতটা আগ্রহী হবে, তা নিয়ে সংশয় রয়েছে। এ ছাড়া স্মোট্রিচ ও বেন-গভিরের দলগুলোর পেছনে ইসরায়েলের প্রায় ১০ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। ফলে সরকার থেকে বাদ পড়লেও তাঁদের রাজনৈতিক ভিত্তি পুরোপুরি দুর্বল হয়ে পড়বে, এমনটা মনে করছেন না পর্যবেক্ষকেরা।
ইসরায়েলি সমাজে ফিলিস্তিনিদের প্রতি বিদ্বেষ ও বৈষম্য বৃদ্ধির বিষয়টিও আলোচনায় এসেছে। সাবেক ফিলিস্তিনি পার্লামেন্ট সদস্য আইদা তুমা-সুলেইমানের অভিযোগ, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে রাস্তায় বা গণপরিবহনে আরবি ভাষায় কথা বলতেও অনেক ফিলিস্তিনি নাগরিক অস্বস্তি ও ভয়ের মধ্যে থাকেন। তাঁর মতে, ফিলিস্তিনিদের প্রতি ঘৃণা প্রকাশের প্রবণতা দেশটির সামাজিক ও রাজনৈতিক পরিসরে ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে।
বিশ্লেষকদের মূল্যায়ন, নেতানিয়াহুর বিদায় ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন আনতে পারে। কিন্তু তাঁর সরকারের সময় তৈরি হওয়া ডানপন্থি নীতি, প্রশাসনিক কাঠামো এবং রাজনৈতিক সমর্থনের ভিত্তি ভাঙতে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্য করুন