Alokito Janapad ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় বৈঠক

৩৪

তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করবে বলে জানা গেছে। শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মতামত এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এর আগে গত ১৬ নভেম্বর নির্ধারিত বোর্ড সভা অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়। পরে বোর্ডের কার্যক্রমের অংশ হিসেবে ২৩ নভেম্বর তৃতীয় সভার তারিখ নির্ধারণ করা হয়।

গত ৪ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব উপস্থাপন করে।

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন। এতে প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়।

অন্যদিকে অফিস স্টাফ বা কর্মচারীদের ক্ষেত্রে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।

দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে পারেনি। প্রস্তাব তৈরির জন্য সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। আজকের সভায় মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে।

বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এ মজুরি কাঠামো ঘোষণা করা হয় এবং একই বছরের ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।

নতুন মজুরি নির্ধারণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিকেরা। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা এবং জীবনযাত্রার অন্যান্য ব্যয় বৃদ্ধির বিষয়টি সামনে রেখে এ দাবি জানানো হচ্ছে।

এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।

বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।

মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর পরিচালক এ বি এম শামসুদ্দিন। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি ও সমমান পুনর্নিরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

১

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় বৈঠক

২

পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, আমদানির প্রয়োজন নেই: ডিএই

৩

আপনার অজান্তেই কেউ আপনার জন্য দোয়া করছেন?

৪

যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক উদ্বোধন

৫

যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

৬

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির তিন শীর্ষ নেতা

৭

সারা দেশে আজ কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

৮

মোদির সফরের পর ঋণের বোঝায় জর্জরিত অযোধ্যার পরিবার

৯

পছন্দের গাড়ি না পেয়ে বিয়ে ভাঙলেন পুলিশ সদস্য, অপেক্ষায় কনে

১০

বাংলাদেশি সন্দেহে হিলিতে পাঁচজনের বাড়িঘর গুঁড়িয়ে দিল ভারত

১১

মোরগকে বাঁচাতে ব্রেক, মামলা করে উল্টো ১৫ লাখ টাকা জরিমানা!

১২

স্বর্ণ কম কিনতে বলেছিলাম, তাই দাম কমেছে: মোদি

১৩

এআই দিয়ে নকল ঠেকাতে বিতর্ক, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

১৪

মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ, নীরব হুথিরা

১৫

নিত্যপণ্যের বাজারে অনিয়ম ধরতে ৪৮ দলের অভিযান, জরিমানা ১০ লাখের বেশি

১৬

২০০ সিসির নতুন পালসার আরএস ২০০ আনল বাজাজ, দাম কত?

১৭

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চায় ইরান

১৮

স্মার্টকার্ড বাড়িতে পৌঁছানোর উদ্যোগ ইসির, পাবেন যেভাবে ভোটাররা

১৯

চিকিৎসকসংকট, পরীক্ষা-নিরীক্ষার অভাব ও অ্যাম্বুলেন্স জটিলতা: বেহাল মাভাবিপ্রবি মেডিকেল সেন্টার

২০