মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটও চালায়। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল প্রায় সাতটার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলদার এবং একই এলাকার হাসান মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে প্রতিপক্ষের লোকজন মনিরুজ্জামান আক্তার হাওলদারের সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালায়।
হামলার সময় আলমগীর হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। হামলাকারীরা তার একটি হাত বিচ্ছিন্ন করে দেয় এবং ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগেও কয়েক দফা হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, আলমগীর হাওলাদারের হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন