Alokito Janapad ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

হরমুজে যুদ্ধ শুরুর পর নিহত ২৫ নাবিক, ১৩৪ সামুদ্রিক সংঘাত

৪০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের আশপাশের জলসীমায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। একই সময়ে বাণিজ্যিক জাহাজকে কেন্দ্র করে ১৩৪টি নিশ্চিত নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। আইএমওর হিসাব অনুযায়ী, গত ১১ নভেম্বর পর্যন্ত এসব হতাহতের ঘটনা ও সংঘাতের তথ্য পাওয়া গেছে।

খালেদ খিয়ারি বলেন, হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে বাণিজ্যিক জাহাজের ওপর সবচেয়ে বেশি নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটেছে গত অক্টোবরে। এ পরিস্থিতিকে কোনোভাবেই নতুন স্বাভাবিক বাস্তবতা হিসেবে মেনে নেওয়া যায় না। অঞ্চলটিতে অবাধ ও স্বাভাবিক নৌ চলাচল পুরোপুরি পুনরুদ্ধার করতে হবে।

আইএমওর তথ্য অনুযায়ী, ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের বিস্তৃত জলসীমায় ১৩৪টি নিশ্চিত সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু অক্টোবরে ৩৫টি এবং নভেম্বরের প্রথম ১১ দিনে ১০টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

খালেদ খিয়ারি বলেন, প্রতিদিনই নতুন নতুন সামুদ্রিক ঘটনার খবর আসছে। বেসামরিক জাহাজ ও বাণিজ্যিক নৌযানকে কখনোই হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়। এসব হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

জাতিসংঘের এই সতর্কবার্তার মধ্যেই শনিবার ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, হরমুজ প্রণালির নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত এলাকায় চলাচলের সময় তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়েছে। এতে জাহাজগুলোতে আগুন ধরে যায়। তবে এ দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি।

ইরান জানিয়েছে, যুদ্ধ চলাকালে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য দেশটির অনুমতি নিতে হবে। নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটির নৌবাহিনী। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, প্রণালির পূর্ব দিকে নিষিদ্ধ এলাকায় প্রবেশকারী ট্যাংকার নৌমাইনের আঘাতে আগুনে পুড়বে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, তারা হরমুজ প্রণালির প্রধান নৌপথ থেকে মাইন অপসারণ করেছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পথটি উন্মুক্ত রয়েছে।

তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো পূরণ না করা পর্যন্ত প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়া হবে না। এসব দাবির মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি অর্থ ছাড়, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা।

জাতিসংঘের সহকারী মহাসচিব সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সামুদ্রিক পরিস্থিতি ব্যয়বহুল, অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নৌ চলাচলে বিঘ্নের কারণে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। বাড়ছে জ্বালানি, পরিবহন ও বিমা ব্যয়। এর ফলে মূল্যস্ফীতির চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি সার পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বৈশ্বিক খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

সূত্র: জাতিসংঘ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিপুরে স্নাইপার হামলায় চার নাগা নাগরিক নিহত, উত্তেজনা

১

আলাস্কায় মার্কিন সামরিক ঘাঁটির কাছে জেলিফিশ আকৃতির রহস্যময় বস্তু

২

হরমুজে যুদ্ধ শুরুর পর নিহত ২৫ নাবিক, ১৩৪ সামুদ্রিক সংঘাত

৩

ঢাবিতে যানবাহন প্রবেশে নিয়ন্ত্রণ, ব্যক্তি ও গাড়িতে তল্লাশির নির্দেশ

৪

২০২৭ সালে ভ্রমণে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কানাডা

৫

চর্যাপদ থেকে আধুনিক কবিতা বাংলা কাব্যের দীর্ঘ অভিযাত্রা

৬

চীনে ট্রাম্প-পুতিন-শি বৈঠক আগামী বৃহস্পতিবার, আলোচনায় ইরান

৭

হরমুজে নৌমাইনে আঘাত, আগুনে দুই তেলবাহী জাহাজ

৮

মোংলায় জলবায়ু ন্যায্যতার সংহতি সমাবেশ, ঋণ নয় অনুদানের দাবি

৯

স্ক্রিন বন্ধ করেও YouTube শুনবেন যেভাবে

১০

জানা গেল রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

১১

একই নম্বর দীর্ঘদিন ব্যবহার করলে কী কী সুবিধা পাওয়া যায়?

১২

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

জামানত ছাড়াই ৫ বছরের কিস্তিতে ১০ লাখ টাকা ঋণ পাবেন যেভাবে

১৪

যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির আকাশে ড্রোন, বাড়তি সতর্কতা

১৫

হরমুজে নৌমাইনে আঘাত, আগুনে পুড়ল দুই তেলবাহী জাহাজ

১৬

টাক মাথা নিয়ে সংকোচ নয়, সৌন্দর্য উদযাপনের দিন আজ

১৭

আলোচনার মাধ্যমেই শিক্ষকদের দাবি পূরণ করা হবে: হুইপ অপু

১৮

বিদায়ের পরও অক্ষত থাকবে রোনালদোর স্মৃতি, পাচ্ছেন বিশেষ সম্মাননা

১৯

শক্তিশালী হচ্ছে লঘুচাপ, তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

২০