ত্যাগী নেতাকর্মীদের প্রাপ্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে নতুন করে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ তাইবুল হাসান।
সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন রাজপথে সংগ্রাম করেও অনেক ত্যাগী কর্মী আজও যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।
লিখিত বক্তব্যে তাইবুল হাসান উল্লেখ করেন, রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে সংগ্রাম করে আসছেন। সরকারবিরোধী আন্দোলনের পাশাপাশি দলের অভ্যন্তরেও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে দ্বিধা করেননি। তার ভাষায়, “আপসের রাজনীতি আমার নয়; সত্যের পক্ষে থাকলে অনেক সময় প্রভাবশালীদের বিরুদ্ধেও দাঁড়াতে হয়।”
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সময়ে রাজপথে আন্দোলন করতে গিয়ে বহু নেতাকর্মী মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতেও হিমশিম খেয়েছেন। সেই সময় তিনি ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব তাদের পাশে থাকার চেষ্টা করেছেন বলেও জানান।
বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “সময় পরিবর্তন হলেও কষ্টের বিষয়—সেই ত্যাগী কর্মীরাই এখন মিছিল-মঞ্চে উপেক্ষিত। তারা নীরবে কষ্ট সহ্য করছেন, যা মেনে নেওয়া যায় না।”
তাইবুল হাসান স্পষ্ট করে বলেন, তার রাজনীতি ত্যাগী, নির্যাতিত ও অবহেলিত নেতাকর্মীদের ঘিরেই আবর্তিত। তাদের অধিকার, সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নতুন করে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন।
একইসঙ্গে তিনি সুবিধাবাদী ও ‘হাইব্রিড’ নেতাদের সমালোচনা করে বলেন, “যাদের রাজনীতি ত্যাগের নয়, স্বার্থের ওপর ভিত্তি করে—তাদের মুখোশ শিগগিরই উন্মোচিত হবে।”
তিনি আরও সতর্ক করেন, ত্যাগীদের মধ্যেও কিছু অনৈতিক ব্যক্তি রয়েছে, যারা ব্যক্তিগত স্বার্থে আদর্শ বিসর্জন দিচ্ছেন। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকব। ত্যাগীদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।”
তিনি জানান, খুব শিগগিরই রাজপথে শক্ত অবস্থান নেওয়া হবে এবং ত্যাগী কর্মীদের নেতৃত্বের সামনের সারিতে আনা হবে।
বক্তব্যের শেষাংশে তিনি সবার দোয়া কামনা করেন এবং শিগগিরই নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের আশ্বাস দেন।
মন্তব্য করুন