Alokito Janapad ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে

৪১

বিশ্বের ধর্মীয় জনসংখ্যার চিত্রে বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির গবেষণা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যেই জনসংখ্যার দিক থেকে খ্রিষ্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারেন মুসলিমরা। একই পূর্বাভাসে বলা হয়েছে, ২০৭০ সাল নাগাদ মুসলিম জনসংখ্যার দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হতে পারে বাংলাদেশ।

পিউ রিসার্চ সেন্টারের ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০–২০৭০’ শীর্ষক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করে তৈরি করা হয়েছে এই পূর্বাভাস। এসব অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস।

গবেষণায় জন্মহার, মৃত্যুহার, বয়সকাঠামো, ধর্ম পরিবর্তন ও অভিবাসনের প্রবণতা বিবেচনায় নেওয়া হয়েছে। এতে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি ধর্মীয় জনগোষ্ঠীর সম্ভাব্য জনসংখ্যাগত পরিবর্তন তুলে ধরা হয়েছে।

গবেষণা অনুযায়ী, ২০২০ সালের তুলনায় ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা প্রায় ৮০ শতাংশ বাড়তে পারে। ওই সময় মুসলিম জনসংখ্যা বেড়ে ৩৬০ কোটির বেশি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যা ৩০০ কোটির কিছু কম হতে পারে।

মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে তরুণ জনগোষ্ঠীর আধিক্য এবং তুলনামূলক উচ্চ জন্মহারকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন গবেষকেরা। তাঁদের পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে শীর্ষে উঠে আসতে পারে পাকিস্তান।

সে সময় পাকিস্তানে মুসলিম জনসংখ্যা বেড়ে ৪৬ কোটি ১০ লাখে দাঁড়াতে পারে। দ্বিতীয় অবস্থানে থাকতে পারে ভারত, তৃতীয় নাইজেরিয়া, চতুর্থ ইন্দোনেশিয়া এবং পঞ্চম বাংলাদেশ।

বাংলাদেশের ক্ষেত্রে গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে দেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৬৩ লাখ। এর মধ্যে মুসলিম ছিলেন ৯১ দশমিক ১ শতাংশ। ২০৭০ সালে দেশের জনসংখ্যা বেড়ে ২৩ কোটি ৭২ লাখ হতে পারে। তখন মুসলিমদের অংশ বেড়ে ৯২ শতাংশে দাঁড়ানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

একই সময়ে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর অনুপাত ৭ দশমিক ৯ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে। তবে অনুপাত কমলেও তাঁদের মোট সংখ্যা বাড়বে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ২০২০ সালে দেশে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩১ লাখ। ২০৭০ সালে তা বেড়ে প্রায় ১ কোটি ৬১ লাখ হতে পারে।

ভারতের ক্ষেত্রেও মুসলিম জনসংখ্যা বাড়ার পূর্বাভাস দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। ২০২০ সালে দেশটিতে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২১ কোটি ৩০ লাখ। ২০৭০ সালে তা বেড়ে প্রায় ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে। একই সময়ে ভারতের হিন্দু জনসংখ্যাও বাড়বে, তবে মোট জনসংখ্যায় তাদের অনুপাত কমতে পারে।

গবেষণায় আরও বলা হয়েছে, ২০২০ সালে বিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ছিল ৫৩টি। ২০৭০ সালের মধ্যে আইভরি কোস্ট নতুন করে যুক্ত হলে এ সংখ্যা বেড়ে ৫৪ হতে পারে। এসব দেশের মধ্যে আটটির জনসংখ্যা ১০ কোটি বা তার বেশি হওয়ার পূর্বাভাস রয়েছে। দেশগুলো হলো পাকিস্তান, ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিসর, সুদান ও তুরস্ক।

অন্যদিকে, ২০২০ সালের হিসাব অনুযায়ী বিশ্বে খ্রিষ্টান জনসংখ্যা ছিল প্রায় ২৩০ কোটি। আগামী কয়েক দশকে এ জনগোষ্ঠীর মোট সংখ্যা বাড়লেও বিশ্বের মোট জনসংখ্যার তুলনায় তাদের বৃদ্ধির হার তুলনামূলক কম হতে পারে। ২০৭০ সালের মধ্যে ৬১টি দেশে জনসংখ্যার অনুপাতে খ্রিষ্টানদের অংশ উল্লেখযোগ্যভাবে কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।

গবেষণায় খ্রিষ্টান জনসংখ্যার ভৌগোলিক অবস্থানেও পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। ইউরোপ ও আমেরিকার পরিবর্তে আফ্রিকা বিশ্বের খ্রিষ্টান জনসংখ্যার প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে। ইউরোপে মোট জনসংখ্যার অনুপাতে খ্রিষ্টানদের হার ১৫ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

তবে গবেষকেরা এসব সংখ্যাকে নিশ্চিত ভবিষ্যৎ হিসেবে নয়, বরং বর্তমান জনমিতিক প্রবণতার ভিত্তিতে তৈরি পূর্বাভাস হিসেবে উপস্থাপন করেছেন। জন্মহার, মৃত্যুহার, অভিবাসন ও ধর্মীয় পরিচয়ের পরিবর্তনের ওপর নির্ভর করে ভবিষ্যতে প্রকৃত চিত্র ভিন্ন হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নতুন পরিকল্পনা

১

২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে

২

ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কতদিন

৩

রবি নিয়ে আসলো নতুন এক গ্রাহকদের জন্য আকর্ষণীয় আপডেট

৪

দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

৫

গাড়ির স্মার্ট কার্ড হাতে পাননি? মোবাইলেই জানুন ডিআরসির স্ট্যাটাস

৬

বন্ধুর টেলিটক নম্বরে ব্যালেন্স পাঠাবেন যেভাবে

৭

বন্ধুর টেলিটক নম্বরে ব্যালেন্স পাঠাবেন যেভাবে

৮

ইন্টারনেট ব্যবহারে গ্রাহকের অধিকার কতটুকু, কী করতে পারে BTRC?

৯

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ

১০

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরা নিয়ে যা বলল পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

১২

কাস্টমার কেয়ার বন্ধ থাকলে জরুরি সহায়তা পাবেন যেভাবে

১৩

ইরানের বিকল্প ব্যাংকিং নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

১৪

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

১৫

শ্বশুরবাড়ি থেকে ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন বর

১৬

টানা নয় দফা কমার পর স্বর্ণের দামে ফের উত্থান, ভরি কত?

১৭

বিজয় দিবসের দিন রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

১৮

ইউটিউব দেখে বাসায় ইয়াবা তৈরির চেষ্টা, যন্ত্রপাতিসহ তরুণকে নিয়ে গেল পুলিশ

১৯

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাব ২২ হাজার টাকা, মালিকেরা দিতে চান ১৫ হাজার ৮০০ টাকা

২০