সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের কর্মসংস্থান ও পেনশন বিভাগের অনলাইন পেনশন এবং সামাজিক সুরক্ষা ভাতাসংক্রান্ত সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এ ঘটনার কারণে সুবিধাভোগীদের নিয়মিত ভাতা ও পেনশনের অর্থ পরিশোধে কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
শনিবার (২৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যের কর্মসংস্থান ও পেনশনমন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন জানিয়েছেন, বিভাগের ডিজিটাল ব্যবস্থায় অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা করা হয়েছে। শুক্রবারের এ ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনলাইন সেবা বন্ধ করে দেওয়া হয়। শনিবারও সেবাগুলো চালু করা সম্ভব হয়নি।
এদিকে পেনশন ও সামাজিক সুরক্ষা ভাতার অর্থ পেতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন সুবিধাভোগী। তবে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, সাইবার হামলার কারণে নিয়মিত অর্থ পরিশোধের কার্যক্রম ব্যাহত হয়নি। নির্ধারিত নিয়ম অনুযায়ী আগের মতোই অর্থ দেওয়া হবে। অর্থ পেতে দেরি হওয়ার সঙ্গে সাইবার হামলার কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে বিভাগটি।
বিভাগের একজন কর্মচারী বিবিসিকে জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে অনলাইন সেবা বন্ধ থাকায় সুবিধাভোগীদের নিয়ে কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় কর্মীদের মনোবলেও প্রভাব পড়ছে। তাঁর দাবি, অনেক ক্ষেত্রে নিজ বিভাগের তুলনায় বিবিসির সংবাদ থেকেই কর্মীরা বেশি তথ্য জানতে পারছেন।
এদিকে শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনার পেছনে ক্ষতিকর উদ্দেশ্যে পরিচালিত কোনো কর্মকাণ্ড রয়েছে কি না, তা সরকার উড়িয়ে দিচ্ছে না। ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সূত্র: বিবিসি
মন্তব্য করুন