নতুন সরকারি চাকরি পাওয়ার আনন্দ উদযাপন ও পূজা দিতে মন্দিরে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ১৩ জন। ভারতের ঝাড়খণ্ডে এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচ নারী ও পাঁচ শিশু রয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৯ নভেম্বর) ভোরে ঝাড়খণ্ডের রামগড় জেলার পাইনকি গ্রামের কাছে ৩৩ নম্বর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিবেক কুমারের স্ত্রী সরকারি শিক্ষকতার চাকরি পেয়েছিলেন। এ আনন্দ উদযাপন এবং পূজা দিতে বিহারের নালন্দা জেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে একটি স্করপিও গাড়িতে করে রাজরাপ্পার ছিন্নমস্তা মন্দিরে যাচ্ছিলেন তারা।

পথে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা দেন। সংঘর্ষের তীব্রতায় স্করপিও গাড়িটি দুমড়েমুচড়ে যায়। গাড়ির বিভিন্ন অংশ ছিটকে সড়কে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুজু থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর গাড়ির ভেতরে আটকে থাকা মরদেহগুলো উদ্ধার করা হয়। গুরুতর আহত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জন জানান, প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর অন্য গাড়িটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গাড়িটি শনাক্ত করতে সড়কের বিভিন্ন নজরদারি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য তথ্য যাচাই করছে পুলিশ। এ ঘটনায় মামলা করা হয়েছে।

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহত প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দুই লাখ রুপি করে এবং আহত ব্যক্তিকে ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}