২০২৭ সালের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছর সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন জাতীয় দিবস এবং ধর্মীয় উৎসব উপলক্ষে মোট ৩১ দিন ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।

রোববার (২৯ নভেম্বর) এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ নভেম্বরের প্রজ্ঞাপনের ভিত্তিতে এ ছুটির তালিকা তৈরি করা হয়েছে।

তালিকা অনুযায়ী, ১ জুলাই (বৃহস্পতিবার) ও ৩১ ডিসেম্বর (শুক্রবার) ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।

এ ছাড়া ২৪ জানুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা এবং ৭ মার্চ শবে কদর উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। পবিত্র রোজার ঈদ উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংকে ছুটি থাকবে।

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং ১ মে মে দিবস উপলক্ষে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।

পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে ১৫ থেকে ২০ মে পর্যন্ত টানা ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে। একই সময়ে ২০ মে বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমাও পালিত হবে। এরপর ১৬ জুন আশুরা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

বছরের দ্বিতীয়ার্ধে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী এবং ৯ ও ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ব্যাংকে ছুটি থাকবে। এ ছাড়া ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত ছুটির দিনগুলোতে ব্যাংকে কোনো লেনদেন হবে না। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটির তারিখ পরিবর্তন হতে পারে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}