মার্কিন নিষেধাজ্ঞা, দীর্ঘস্থায়ী যুদ্ধ ও লাগামহীন মূল্যস্ফীতির চাপে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। মার্কিন ডলারের বিপরীতে দেশটির জাতীয় মুদ্রা রিয়ালের দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। খোলাবাজারে এক ডলার কিনতে এখন প্রায় ৩০ লাখ রিয়াল গুনতে হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক মুদ্রাবাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বন-বাস্টের তথ্য অনুযায়ী, ইরানের খোলাবাজারে প্রতি মার্কিন ডলার বিক্রি হয়েছে প্রায় ২৯ লাখ ৯২ হাজার রিয়ালে। এর আগের দিন শুক্রবার (২৭ নভেম্বর) প্রতি ডলারের দাম ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল।

অন্যদিকে, মুদ্রার বিনিময় হার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আলানচাঁদ ডটকমের তথ্য অনুযায়ী, প্রতি ডলারের দাম পৌঁছেছে ২৯ লাখ ৯৯ হাজার রিয়ালে। তাদের হিসাবে, এক দিনের ব্যবধানে ডলারের দাম বেড়েছে ১ দশমিক ৮৩ শতাংশ।

মুদ্রার দরপতনের পাশাপাশি দেশটিতে মূল্যস্ফীতিও ভয়াবহ আকার ধারণ করেছে। ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে আগের বছরের একই সময়ের তুলনায় ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়েছে ৮৮ দশমিক ৭ শতাংশ। একই সময়ে বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮ শতাংশে।

সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে খাদ্য ও পানীয়ের বাজারে। এক বছরের ব্যবধানে এ খাতে দাম বেড়েছে ১১২ দশমিক ৬ শতাংশ। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে সাধারণ মানুষকে আগের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে।

এর আগে চলতি বছরের জুলাইয়ে ইরানে বার্ষিক মূল্যস্ফীতি ৬৬ শতাংশে পৌঁছেছিল। পরের মাসেই মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার ২০ লাখের সীমা ছাড়িয়ে যায়।

মাত্র কয়েক মাসের ব্যবধানে ডলারের দাম এখন ৩০ লাখ রিয়ালের কাছাকাছি পৌঁছেছে। মুদ্রার অব্যাহত অবমূল্যায়ন ও নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}