জামায়াতের আমিরের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল রাষ্ট্র ও সমাজব্যবস্থায় ব্যাপক পরিবর্তন। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, একটি দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানো জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল না। জনগণ ব্যাপক পরিবর্তন প্রত্যাশা করেছিল।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, বিশেষ করে তরুণ সমাজ ব্যাপক পরিবর্তন চেয়েছিল। তাদের অবদান ও আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, জাতি তাদের কাছে ঋণী। জামায়াতের সাত দফা দাবির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এগুলো কোনো দলীয় দাবি নয়, জনগণের দাবি। তাঁর দাবি, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছেন। নির্বাচনের আগে যাঁরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ছিলেন, তাঁরা বিজয়ী হলে পুরো সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

জুলাই জাতীয় সনদে বিএনপির দেওয়া ভিন্নমত বা নোট অব ডিসেন্টের সমালোচনা করে জামায়াত আমির বলেন, যেসব ধারা থাকলে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করা কঠিন হবে, সেসব জায়গাতেই বিএনপি ভিন্নমত দিয়েছে বলে তিনি মনে করেন।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, একসময় নির্যাতনের শিকার হলেও ক্ষমতায় আসার পর সরকার সেই অভিজ্ঞতা ভুলে গেছে। তাঁর ভাষ্য, ৬ আগস্টের পর থেকে দেশে চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি ও রাজনৈতিক কূটচাল বেড়েছে। এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

১৮ নভেম্বর সংসদ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে চা-চক্রের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, তিনি জাতীয় ঐক্যের পক্ষে। তবে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর না হলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। তাঁর মতে, এই দুটি বিষয় বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্যের পরিবেশ নষ্ট হয়েছে।

তথ্যসূত্র: RTv

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}