জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ব্যবহারিক পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের রসায়ন বিভাগে। নির্ধারিত সময়ে একটি ব্যবহারিক পরীক্ষা না নিয়েই নম্বর এন্ট্রি করা এবং পরে বহিরাগত পরীক্ষক ছাড়াই পরীক্ষা নেওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় দ্রুত তদন্ত ও প্রতিকার দাবি করেছেন ভুক্তভোগীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের দুটি ব্যবহারিক পরীক্ষার মধ্যে ২১২৮০৬ নম্বর কোর্সের পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া হলেও ২১২৮১০ নম্বর কোর্সের কোনো ক্লাস বা পরীক্ষা নেওয়া হয়নি।

নির্ধারিত সময়ের মধ্যে নম্বর এন্ট্রি না করায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজকে নোটিশ দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর বিষয়টি সামাল দিতে বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম সহযোগী শিক্ষক মুক্তারের মাধ্যমে তড়িঘড়ি করে নম্বর এন্ট্রি করান বলে দাবি শিক্ষার্থীদের।

পরবর্তী সময়ে বহিরাগত পরীক্ষক ছাড়াই ২৫ ও ২৬ নভেম্বর শিক্ষার্থীদের ডেকে গোপনে ওই পরীক্ষা নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দাবি, তাঁদের জানানো হয়েছিল, কোর্সটি দুই দিন আগে যুক্ত হয়েছে। তবে তাঁদের প্রবেশপত্রে কোর্সটি আগে থেকেই উল্লেখ ছিল।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বলছেন, কলেজের সিসিটিভি ফুটেজ, হাজিরা খাতা ও নম্বরপত্র যাচাই করলে অভিযোগের সত্যতা পাওয়া যেতে পারে। তাঁদের শিক্ষাজীবন রক্ষায় দ্রুত সরেজমিন তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযোগের বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষকদের অধিকাংশই ঢাকায় থাকেন এবং কেউ কেউ সপ্তাহে এক-দুই দিন, আবার কেউ মাসে এক দিন কলেজে যান বলেও অভিযোগ করা হয়েছে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}