জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগিতা রয়েছে, সেসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন।
প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।
এ সময় আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রতিটি কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে দেশটি জ্ঞানে-গুণে সমৃদ্ধ হবে, কর্মে হবে আত্মনির্ভর, মানবিকতায় সমুন্নত থাকবে এবং বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে আপন মর্যাদায়।’
প্রধানমন্ত্রীর বক্তব্যে বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিচ্ছন্নতা এবং শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকার বিষয়গুলো গুরুত্ব পায়।
সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম