মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক হাতিয়ারে পরিণত না হতে ইরাককে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের। ইরাকের প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে ট্রাম্পের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ সতর্কবার্তা দেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির তেল চোরাচালান বন্ধ, দুর্নীতি দমন এবং সব ধরনের অস্ত্র রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে আনার উদ্যোগের প্রশংসা করেন ট্রাম্প।

এর আগে তেল চোরাচালানের তদন্তের অংশ হিসেবে বুধবার (২৫ নভেম্বর) সিরিয়া ও ইরানের সঙ্গে থাকা দুটি সীমান্ত পারাপার কেন্দ্র বন্ধ করে দেয় ইরাকের সীমান্তরক্ষী বাহিনী। কেন্দ্র দুটি এত দিন কুর্দিস্তান আঞ্চলিক সরকারের নিয়ন্ত্রণে ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মদ মোখবের বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলা ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম মৌলিক নীতি।

তিনি বলেন, সবচেয়ে কঠিন সময়েও ইরান সর্বশক্তি দিয়ে ইরাকের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং বন্ধুত্বের প্রমাণ দিয়েছে।

খামেনির এই উপদেষ্টা আরও বলেন, দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক অটুট রাখতে সীমান্তসংক্রান্ত বিষয়ে বাগদাদকে সতর্ক থাকতে হবে। ইরাক যেন ইসলামের শত্রুদের হাতিয়ার কিংবা ট্রাম্পের নীতি বাস্তবায়নের মাধ্যম হয়ে না ওঠে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}