কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতি আগামী বছর বিশ্বজুড়ে বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন গবেষক নিকোলা জুরকোভিচ। তাঁর আশঙ্কা, প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার সাইবার হামলা, জৈবিক অস্ত্র তৈরির ঝুঁকি এবং ব্যাপক কর্মসংস্থান সংকট সৃষ্টি করতে পারে। এমনকি ২০২৭ সাল মানুষের জন্য কোভিড-১৯ মহামারির চেয়েও ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসতে পারে বলে মনে করছেন তিনি। তবে তাঁর এই আশঙ্কার পক্ষে এখনো সুনির্দিষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই।
পশ্চিমা দেশগুলোতে থ্যাংকসগিভিং ছুটির মৌসুমে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক খোলা চিঠিতে নিজের উদ্বেগের কথা জানান নিকোলা। অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান এমইটিআরের কারিগরি দলের এই সদস্য বলেছেন, আগামী বছরের থ্যাংকসগিভিং পরিবারের সঙ্গে উদ্যাপন করতে পারবেন কি না, তা নিয়েও তিনি সন্দিহান। প্রতিষ্ঠানটি অত্যাধুনিক এআই ব্যবস্থার নিরাপত্তা ও ঝুঁকি মূল্যায়ন নিয়ে কাজ করে।
নিকোলা জানান, দীর্ঘদিন ধরে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে চিন্তিত থাকলেও এত দিন প্রকাশ্যে কিছু বলেননি। তবে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই সতর্ক করা নিজের দায়িত্ব বলে মনে করছেন তিনি। তাঁর মতে, চলতি বছরেই এআই ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এসব হামলার ক্ষতি মূলত আর্থিক পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে তা মানুষের জীবনহানির কারণ হতে পারে।
২০২৭ সাল নিয়ে নিজের আশঙ্কার পেছনে তিনটি প্রধান কারণ উল্লেখ করেছেন এই গবেষক। প্রথমত, কঠোর বৈশ্বিক নীতিমালা না থাকলে এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমনকি অত্যাধুনিক এআই ব্যবস্থা মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে গিয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোয় অনুপ্রবেশের ঝুঁকি তৈরি করতে পারে।
দ্বিতীয়ত, অপরাধী ও অসাধু গোষ্ঠী এআইয়ের সহায়তায় ভয়ংকর জৈবিক অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে। এতে বৈশ্বিক নিরাপত্তা বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে। তৃতীয়ত, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব এআইয়ের হাতে তুলে দিলে বিশ্বজুড়ে কর্মসংস্থান সংকট দেখা দিতে পারে। এতে বিপুলসংখ্যক মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন।
নিকোলার আশঙ্কা, এআইয়ের অনিয়ন্ত্রিত অগ্রগতি একসময় মানবজাতির অস্তিত্বের জন্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বড় ধরনের নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে না উঠলে ২০৩০ সালের শেষ নাগাদ মানুষ প্রযুক্তির কাছে ক্ষমতাহীন হয়ে পড়তে পারে বলে মনে করেন তিনি। তাঁর ধারণা, আগামী পাঁচ বছরের মধ্যে শিক্ষা, কর্মজীবন ও পরিবার গঠনের প্রচলিত পরিকল্পনাতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
নিজের আশঙ্কাকে গুরুত্ব দিয়ে নিকোলা পরিবারকে অন্তত দুই সপ্তাহের শুকনো খাবার ও পানি মজুত রাখার পরামর্শ দিয়েছেন। অনলাইন ব্যাংকিং ব্যবস্থা অচল হয়ে পড়ার আশঙ্কায় ঘরে নগদ অর্থ রাখার কথাও বলেছেন তিনি। তবে এসব পরামর্শ তাঁর ব্যক্তিগত পর্যবেক্ষণ ও আশঙ্কার ভিত্তিতে দেওয়া; এগুলোর পক্ষে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই।
উত্তরণের পথ কী
এআইয়ের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দ্রুত কঠোর বৈশ্বিক আইন ও নজরদারি চালুর আহ্বান জানিয়েছেন নিকোলা। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের এআই আইনকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন তিনি। তাঁর মতে, ইউরোপ কঠোর নিরাপত্তা মানদণ্ড তৈরি করতে পারলে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপরও তা প্রভাব ফেলতে পারে।
পাশাপাশি সাধারণ মানুষকে এআইয়ের ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার এবং রাজনৈতিক নেতৃত্বের কাছে কার্যকর বৈশ্বিক নীতিমালা প্রণয়নের দাবি জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। কম্পিউটার বিজ্ঞানী, প্রকৌশলী ও অর্থনীতিবিদদেরও এআই নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অনুরোধ করেছেন।
এআইয়ের অনিয়ন্ত্রিত বিকাশ নিয়ে নিকোলার উদ্বেগের সঙ্গে বিশ্বের বিভিন্ন বিজ্ঞানী ও প্রযুক্তিবিদের আগের সতর্কবার্তারও মিল রয়েছে। তবে ২০২৭ সাল সত্যিই কোভিড মহামারির চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে কি না, তা এখনই নিশ্চিত করে বলার সুযোগ নেই। তাঁর বক্তব্যকে সম্ভাব্য ঝুঁকি নিয়ে একজন গবেষকের ব্যক্তিগত সতর্কবার্তা হিসেবেই বিবেচনা করা প্রয়োজন।