নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ মোল্যা ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরহাদ মোল্যার সঙ্গে একই বংশের চাচাতো ভাই দাউদ মোল্যা ও তাঁর লোকজনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে ফরহাদ মোল্যা নিজের জমিতে ধান কাটতে গেলে আগে থেকে পাশের একটি বাগানে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় দাউদ মোল্যা ও তাঁর পক্ষের লোকজন লাঠি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন দাউদ মোল্যার পক্ষের লোকজন। তাঁদের দাবি, ফরহাদ মোল্যা স্ট্রোক করে মারা গেছেন। তাঁকে কোনো ধরনের আঘাত করা হয়নি।

এ বিষয়ে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}