সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজাইরা ও লালপুর এলাকায় বিআইডব্লিউটিএর ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ উত্তর স্টিলবডি নৌকা শ্রমিক সমবায় সমিতি ও শ্রমজীবী মানুষের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি নীতিমালা অনুযায়ী মালামাল ওঠানো-নামানোর ক্ষেত্রে নির্ধারিত হারে শুল্ক আদায়ের বিধান থাকলেও জামালগঞ্জের বিভিন্ন ঘাটে তা মানা হচ্ছে না। এ নিয়ে প্রায় দুই মাস আগে ইজারাদার, ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে এসে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে একটি আলোচনা সভা করেন বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক ইসমাইল হোসেন। ওই সভায় বিরোধ নিরসনে নির্ধারিত হারে টোল আদায় এবং ৭২ ঘণ্টার মধ্যে টোলের তালিকা (চার্ট) টানানোর নির্দেশ দেওয়া হয়। এতে ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও পরবর্তী সময়ে আবারও অতিরিক্ত টোল আদায় শুরু হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

তারা আরও বলেন, অতিরিক্ত টোল আদায়ের কারণে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। পাশাপাশি শ্রমিকদের হয়রানি ও মারধরের ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তাঁরা। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত অতিরিক্ত চাঁদা আদায় ও শ্রমিক হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

স্থানীয় ব্যবসায়ী নবী নুরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন লালপুর স্টোন ক্রাশার মিল সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সমিতির সদস্য লোকমান হোসেন, শ্রমিক সরদার বসির উদ্দিন প্রমুখ।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}