রাজধানীর পুরান ঢাকার টিকাটুলিতে একটি আবাসিক হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে হোটেলটির ব্যবস্থাপক নাঈমুর রহমান (২৩) নিহত হয়েছেন। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬)। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে টিকাটুলির হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে এ ঘটনা ঘটে। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হোটেলটির সামনে একটি মুরগির দোকান রয়েছে। গত রাতে ওই দোকান থেকে একটি মুরগি হোটেলের ভেতরে ঢুকে পড়ে। এ নিয়ে হোটেলকর্মীদের সঙ্গে দোকানটির মালিক এনায়েত কাজী ও তাঁর ছেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এনায়েত ও তাঁর ছেলে ধারালো ছুরি নিয়ে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালান। এতে হতাহতের ঘটনা ঘটে।
নিহত নাঈমুর রহমানের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দে। তাঁর বাবার নাম মো. গোলাম মোস্তফা। নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদের দাবি, মুরগির দোকানের মালিক এনায়েত কাজী টিকাটুলির স্থায়ী বাসিন্দা এবং স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তাঁর সখ্য রয়েছে। তিনি আরও দাবি করেন, এনায়েত কিছুদিন ধরে তাঁর সহযোগীদের নিয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় নাঈমুরের ওপর তাঁরা ক্ষুব্ধ ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবদুর রাজ্জাকের নাতি মো. জুবায়ের জানান, পূর্বশত্রুতার জেরে মুরগির দোকানের মালিক এনায়েত কাজী ও তাঁর ছেলে ইরান কাজী গতকাল রাতে হোটেলে প্রবেশ করেন। এরপর তাঁরা ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে আহত করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ভোররাত চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবদুর রাজ্জাক ও হাসান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
তবে কী কারণে তাঁদের মধ্যে পূর্বশত্রুতা তৈরি হয়েছিল, সে বিষয়ে কিছু জানাতে পারেননি জুবায়ের। তাঁর ভাষ্য, পুলিশের তদন্তে ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, টিকাটুলির জয়কালী মন্দিরের পাশে হোটেলটির অবস্থান। প্রাথমিক তদন্তে জানা গেছে, দিবাগত রাত দেড়টার দিকে মুরগির দোকান থেকে একটি মুরগি হোটেলে ঢুকে পড়ে। একপর্যায়ে সেটি হোটেলের দোতলায় উঠে যায়। এ সময় মুরগির দোকানের মালিক এনায়েত কাজী ও তাঁর ছেলে ইরানও হোটেলে প্রবেশ করেন। মুরগি ঢোকাকে কেন্দ্র করে হোটেলকর্মীদের সঙ্গে এনায়েতের কথা-কাটাকাটি হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, একপর্যায়ে এনায়েত ও তাঁর ছেলে ইরান মিলে হোটেল ব্যবস্থাপক নাঈমুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাঁকে রক্ষা করতে গিয়ে মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক ও কর্মী হাসান আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এনায়েত কাজী ও তাঁর ছেলে ইরান পালিয়ে যান। হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাঁদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী।