দেশের তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হবে। এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাইসাইকেল পাওয়ার সুযোগ পাবে।

বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল নিজে চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক যাচাই করতে তিনি সেগুলো চালিয়ে পরখ করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। সেগুলোর মান ও ব্যবহারিক দিক পরীক্ষা করে দেখেন তিনি।

উদ্যোগের আওতায় ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীরা একটি করে বাইসাইকেল পাবে। অর্থাৎ বিদ্যালয়ের প্রতিটি শ্রেণি থেকে তিনজন করে শিক্ষার্থী এ সুবিধার আওতায় আসবে।

মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানানো হয়েছে।

বাইসাইকেলের মান যাচাইয়ের সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}