ভারতে পাকিস্তানে নির্মিত কোনো চলচ্চিত্র বা সিরিজ প্রচার না করার বিষয়ে নেটফ্লিক্সকে নির্দেশ দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আগামী ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির অপেক্ষায় থাকা পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ ভারতে প্রদর্শনের সম্ভাবনা নিয়ে অভিযোগ ও আবেদন জমা পড়ার পর এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় নেটফ্লিক্সকে ২০২৫ সালের ৮ মে জারি করা পরামর্শ মেনে চলার কথা জানিয়েছে। ওই পরামর্শে ভারতে পরিচালিত সব ওটিটি প্ল্যাটফর্ম, গণমাধ্যমভিত্তিক স্ট্রিমিং পরিষেবা ও ডিজিটাল মাধ্যমকে পাকিস্তানে নির্মিত কনটেন্ট প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

এ ক্ষেত্রে ‘তথ্যপ্রযুক্তি (মধ্যস্থতাকারী নির্দেশিকা এবং ডিজিটাল গণমাধ্যমের নৈতিকতা বিধি) বিধিমালা, ২০২১’-এর নৈতিকতা বিধির কথাও উল্লেখ করেছে মন্ত্রণালয়। ওই বিধি অনুযায়ী, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিংবা জনশৃঙ্খলা প্রভাবিত করতে পারে—এমন কনটেন্ট প্রচারের ক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্মগুলোকে সতর্ক থাকতে হয়।

২০২৫ সালের ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে এর পরপরই পাকিস্তানি কনটেন্ট প্রচার না করার বিষয়ে পরামর্শ জারি করেছিল ভারত সরকার।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, গত বছরের জুনে নেটফ্লিক্স জানিয়েছিল, ভারতের গ্রাহকদের জন্য পাকিস্তানে নির্মিত কোনো চলচ্চিত্র বা সিরিজ তারা উন্মুক্ত রাখেনি। এখন সেই অবস্থান বজায় রাখার এবং আগের অঙ্গীকার মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিকভাবে ‘অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি’ নামে পরিচিত ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের একই নামের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত রোমান্টিক ধারাবাহিক। এতে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, আহাদ রাজা মীর, হানিয়া আমির, হামজা আলী আব্বাসি, ইকরা আজিজ, মায়া আলী ও বিলাল আশরাফসহ পাকিস্তানের পরিচিত অভিনয়শিল্পীরা।

নেটফ্লিক্সের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের তত্ত্বাবধানে নির্মিত সিরিজটির শুটিং হয়েছে পাকিস্তান, ইতালি ও যুক্তরাজ্যে। আগামী ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী এর মুক্তির কথা রয়েছে।

এদিকে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ সিরিজটি নিয়ে নেটফ্লিক্সকে হুঁশিয়ারি দিয়েছে। নির্ধারিত মুক্তির আগেই ভারতের দর্শকদের জন্য প্ল্যাটফর্মটির তালিকা থেকে সিরিজটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। দাবি পূরণ না হলে নেটফ্লিক্সের ভারতীয় কার্যালয়ের সামনে ঘেরাও কর্মসূচি এবং দেশজুড়ে বর্জন অভিযান শুরুর হুমকিও দিয়েছে তারা।

সিরিজের অভিনেতা হামজা আলী আব্বাসিকে নিয়ে সংগঠনটির বিশেষ আপত্তি রয়েছে। তাদের অভিযোগ, অতীতে তিনি প্রকাশ্যে জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী এবং লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের সমর্থনে মন্তব্য করেছিলেন। এমন একজন অভিনেতাকে পারিশ্রমিক দিয়ে কাজ দেওয়া এবং ভারতীয় দর্শকদের সামনে আনার উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেটফ্লিক্স ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে পাঠানো চিঠিতে সংগঠনটি পাকিস্তানি চলচ্চিত্র, সিরিজ, গান, পডকাস্টসহ কোনো ধরনের কনটেন্ট ভারতের পর্দায় প্রদর্শনের বিরোধিতা করেছে।

ভারতের চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরেই দেশটির পর্দায় পাকিস্তানি শিল্পীদের কাজ, গান ও চলচ্চিত্র প্রদর্শনের বিরোধিতা করে আসছে।

সূত্র: এনডিটিভি।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}