সিলেটে দিন দিন বাড়ছে মশার উপদ্রব। বাসাবাড়ি থেকে শুরু করে নগরের বিভিন্ন এলাকায় দিনরাত সমানতালে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা। মশকনিধনে সিটি করপোরেশন ওষুধ ছিটানো এবং ফগার মেশিন ব্যবহার করলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এমন অবস্থায় মশার যন্ত্রণার প্রতিবাদে মশারি নিয়ে ব্যতিক্রমী মিছিল করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিলেট কল্যাণ সংস্থা’র নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি বের করা হয়। ‘মশারিমিছিল’ নামে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সড়কে মশারি টানিয়ে নগর ভবনের দিকে এগিয়ে যান। পরে নগর ভবনের সামনে গিয়ে তাঁরা সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সিটি করপোরেশন মশা নিধনে ওষুধ ছিটানো এবং ফগার মেশিন ব্যবহার করলেও নগরবাসী মশার হাত থেকে রেহাই পাচ্ছেন না। ওষুধ ছিটানোর এক ঘণ্টার মধ্যেই আবার মশার উপদ্রব শুরু হচ্ছে। ফলে মশার কামড় থেকে বাঁচতে অনেককে দিনরাত কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে।

বক্তাদের অভিযোগ, মশকনিধনে নিম্নমানের ওষুধ ব্যবহারের কারণে মশার উপদ্রব নিয়ন্ত্রণে আসছে না। এ পরিস্থিতিতে নগরবাসীর ভোগান্তি কমাতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

সমাবেশ থেকে মশকনিধনে কার্যকর পদক্ষেপ নিতে সিলেট সিটি করপোরেশনকে এক মাসের সময় বেঁধে দেন সংগঠনের নেতাকর্মীরা। এই সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}