রাজধানীতে আজ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের একাধিক কর্মসূচি রয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনের গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর সময় ও স্থান তুলে ধরা হলো।
বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে। সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
জলবায়ু প্রযুক্তি প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ইউএন সিটিসিএন প্রজেক্ট ক্লোজিং সেরিমনি’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
দুপুর ১টায় বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডসভা
দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় শাহ্ পোরশিয়া ভবনের চতুর্থ তলায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বোর্ডের চতুর্থ সভা অনুষ্ঠিত হবে। সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানি।
ঢাকা-১৩ আসনে সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজার থেকে ঢাকা-১৩ সংসদীয় আসনের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। এলাকায় সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ পরিদর্শন করবেন তিনি।
নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান
বিকেল ৪টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ‘নগদ-ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।