কিশোরীলাল রায় চৌধুরীর নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। তাঁর উদ্যোগ, আর্থিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় একটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান ধীরে ধীরে উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার পথ তৈরি করে। সেই ধারাবাহিকতার মধ্য দিয়েই বিকশিত হয়েছে বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
১৮৫৮ সালে দীননাথ সেন, প্রভাতীচরণ রায়, অনাথবন্ধু মল্লিক ও ব্রজসুন্দর কৈত্র ঢাকায় ‘ঢাকা ব্রাহ্ম স্কুল’ প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে আর্থিক সংকটের কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়লে কিশোরীলাল রায় চৌধুরী এর দায়িত্ব গ্রহণ করেন। তিনি স্কুলটি আরমানিটোলা থেকে বর্তমান ক্যাম্পাস এলাকায় স্থানান্তর করেন এবং তাঁর পিতা জগন্নাথ রায় চৌধুরীর নাম অনুসারে এর নামকরণ করেন ‘জগন্নাথ স্কুল’।
শিক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চার প্রসারেও তাঁর আগ্রহ ছিল। ১৮৮৭ সালে ঢাকার বাংলাবাজারে নিজের নামে প্রতিষ্ঠা করেন ‘কিশোরীলাল জুবিলী হাইস্কুল’। একই বছর রানি ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় প্রতিষ্ঠা করেন ‘ডায়মন্ড জুবিলী থিয়েটার’। পরবর্তী সময়ে থিয়েটারটি বিক্রি হয়ে সেখানে লায়ন্স সিনেমা হল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সিনেমা হলটির অস্তিত্ব নেই।
জগন্নাথ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও কিশোরীলাল রায় চৌধুরীর অবদান ছিল উল্লেখযোগ্য। তাঁর উদ্যোগে ১৮৮৪ সালে ‘জগন্নাথ স্কুল’ দ্বিতীয় শ্রেণির কলেজে উন্নীত হয়। পরবর্তী সময়ে ১৯০৮ সালে প্রতিষ্ঠানটি প্রথম শ্রেণির কলেজের মর্যাদা লাভ করে। ধীরে ধীরে এটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে এবং দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করে।
দীর্ঘ পথপরিক্রমায় ১৯৬৮ সালে প্রতিষ্ঠানটি সরকারি কলেজে রূপান্তরিত হয়। এরপর ২০০৫ সালে জগন্নাথ কলেজ পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। এভাবেই কিশোরীলাল রায় চৌধুরীর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় বিকশিত শিক্ষাপ্রতিষ্ঠানটি আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।
শিক্ষা বিস্তারে অবদানের পাশাপাশি জনহিতকর কর্মকাণ্ডেও কিশোরীলাল রায় চৌধুরীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। মানিকগঞ্জের বালিয়াটিতে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। শিক্ষা ও সমাজকল্যাণে তাঁর এসব অবদান তাঁকে স্থানীয় ইতিহাসে একজন শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় করে রেখেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে কিশোরীলাল রায় চৌধুরীর নাম তাই আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।